যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম বাবুল মিয়া (৫৫)। তিনি নেত্রকোনা সদর উপজেলার বড়গর্দি গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অপহরণ ও ধর্ষণের মামলায় ২০১৫ সালে বাবুল মিয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বাবুল মিয়া ২০০২ সালের ১১ জানুয়ারি রাতে একই উপজেলার এক গৃহবধূকে (৩৫) অপহরণের পর ধর্ষণ করেন। ঘটনার পরদিন ওই গৃহবধূ বাদী হয়ে চারজনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত শেষে ওই বছরের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত ২০১৫ সালে বাবুল মিয়াকে ওই দণ্ড দেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান প্রথম আলোকে বলেন, বাবুল মিয়া প্রায় ১৪ বছর পলাতক থাকার পর গতকাল গাজীপুরের শ্রীপুর থানার পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।