যুক্তরাজ্য থেকে আনা দুটি গাড়ি চট্টগ্রামে জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামে দুটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে। গত বুধবার রাতে নগরের মুরাদপুর এলাকার একটি গ্যারেজ থেকে মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি দুটি জব্দ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। চট্টগ্রাম কাস্টম হাউসের হেফাজতে রাখা হয়েছে গাড়ি দুটি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শুল্ক করসহ গাড়ি দুটির মূল্য প্রায় ৪ কোটি ৩০ লাখ টাকা। পর্যটকদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ‘কারনেট দ্য প্যাসেজ’-এর আওতায় যুক্তরাজ্য থেকে গাড়ি দুটি আমদানি করা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের দুজন নাগরিক গাড়ি দুটি আমদানি করেন।
এর আগে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ছাত্রাবাসের সামনের চত্বর থেকে মিতসুবিশি ব্র্যান্ডের একটি বিলাসবহুল জিপ (ব্যক্তিগত গাড়ি) জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গত এক বছরে শুল্ক ফাঁকির ঘটনায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে মোট নয়টি গাড়ি (গতকালের দুটিসহ) জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা সূত্র জনায়, একটি গাড়ির মালিক মোহাম্মদ আশরাফুল ইসলাম। ২০১০ সালে তিনি চট্টগ্রাম বন্দর দিয়ে মার্সিডিজ গাড়িটি খালাস করেন। গাড়িটি নির্ধারিত সময়ের পর ফেরত নেওয়ার শর্তে কাস্টম হাউস খালাসের ছাড়পত্র দিয়েছিল। কিন্তু আশরাফুল ইসলাম যুক্তরাজ্যে ফেরত না নিয়ে গাড়িটি দেশে বিক্রি করে দেন। নিয়মানুযায়ী হস্তান্তর করতে হলে কাস্টমস কর্তৃপক্ষের কাছে গাড়ির শুল্ক কর পরিশোধ করতে হয়। ২৭ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের এই গাড়ির শুল্ক কর দিতে হতো প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকা। নিয়ম ভেঙে গাড়ি হস্তান্তর বা বিক্রি করায় সরকার এই রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। রুপালি রঙের মার্সিডিজ কারটির নির্মাণ সাল ২০০২।
মার্সিডিজ ব্র্যান্ডের অপর জিপটি ২০১১ সালে যুক্তরাজ্য থেকে শুল্কমুক্ত সুবিধা ব্যবহার করে আমদানি করেন মনসুর আলী নামের আরেক ব্যক্তি। এটিরও নির্মাণ সাল ২০০২। প্রায় ৩৪ লাখ টাকা মূল্যের কালো রঙের এই জিপ গাড়িটি অবৈধভাবে বিক্রি করে দেওয়ায় ২ কোটি ২ লাখ টাকার শুল্ক কর পায়নি সরকার।
বুধবার রাতে মুরাদপুরে ‘কার কোল্ড অ্যান্ড সার্ভিস সেন্টার’ গ্যারেজ থেকে গাড়ি দুটি জব্দ করা হয়। গ্যারেজের মালিক মো. জামসেদের উদ্ধৃতি দিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গাড়ি দুটি গ্যারেজে মেরামতের জন্য রেখে যান বিশ্বজিৎ ও যুবরাজ নামের দুই ব্যক্তি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ফেরত না নিয়ে গাড়ি দুটির দুজন মালিক বিশ্বজিৎ ও যুবরাজ নামে দুই ব্যক্তির কাছে বিক্রি করেন। গাড়ি দুটি থেকে সরকার রাজস্ব পায়নি। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাড়ি দুটি উদ্ধারের সময় দুটি নম্বরপ্লেট সংযুক্ত ছিল। গোয়েন্দা কর্মকর্তারা জানান, ভুয়া নম্বর দিয়ে গাড়ি দুটি রাস্তায় চালানো হতো। জব্দ হওয়া গাড়ি সাধারণত নিলামে তুলে বিক্রি করা হয়। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর কাস্টম হাউস গাড়ি দুটি নিলামে তুলে বিক্রি করবে বলে কর্মকর্তারা জানান।