যুক্তরাজ্যে এক বাংলাদেশি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের রচডেল শহরের এক পার্কে গত বৃহস্পতিবার ‘সম্ভাব্য ছুরিকাঘাতে’ গুরুতর জখমের শিকার হওয়া এক বাংলাদেশি মারা গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩১ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত নয়টার দিকে পার্ক থেকে মুমূর্ষু অবস্থায় ওই বাংলাদেশিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পরপরই তাঁর মৃত্যু হয়।
নিহত ওই ব্যক্তির নাম জালাল উদ্দিন। বয়স আনুমানিক ৫৬। পেশায় আরবি শিক্ষক। স্থানীয় বাংলাদেশিদের কাছে বেশ সুপরিচিত ছিলেন তিনি।
রচডেলের স্থানীয় বাসিন্দা ও নিহত ব্যক্তির পরিচিত আবদুল হামিদ টিপু প্রথম আলোকে বলেন, স্থানীয় সাউথ স্ট্রিট পার্কের কাছে জালাল উদ্দিনকে গোঁঙাতে দেখে সাহায্যে এগিয়ে যান দুই যুবক। সে সময় তাঁর মাথা ও গলা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তাঁরাই পুলিশকে খবর দেন। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে রয়্যাল ওল্ডহ্যাম হাসপাতালে নেওয়া হয়, তবে বাঁচানো যায়নি তাঁকে।
বশির নামে নিহত ব্যক্তির দূরসম্পর্কের এক ভাতিজা বলেন, জালাল উদ্দিনের বাড়ি সিলেটের বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের সতপুর গ্রামে। তাঁর পাঁচ ছেলে, দুই মেয়ে এবং স্ত্রী বাংলাদেশেই রয়েছেন।
পুলিশ জানিয়েছে, জালাল উদ্দিনের শরীরে আঘাতের চিহ্ন ছিল এবং এটিকে তারা হত্যাকাণ্ড হিসেবেই বিবেচনা করছে। এটি কোনো বর্ণবাদী আক্রমণ কি না, সে বিষয়ে কোনো বক্তব্য না দিলেও পুলিশ বলেছে, তারা কোনো সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না।