যুক্তরাজ্যে শোক দিবসের সভা শেষে ছাত্রলীগের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষ না হতেই ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তুমুল হট্টগোল আর ধাক্কাধাক্কির একপর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে শোক দিবসের আলোচনার সভার আয়োজন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। ওই সভা থেকে বের হয়েই হাতাহাতিতে জড়ায় যুক্তরাজ্য ছাত্রলীগ।
জানা গেছে, যুক্তরাজ্য ছাত্রলীগের রাজনীতি সভাপতি তামিম আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল কামালের নেতৃত্বে দুটি পক্ষে বিভক্ত। লন্ডন মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ফখরুল কামালের অনুসারী। সে কারণেই তামিম আহমদ লন্ডন মহানগর ছাত্রলীগের কমিটি থেকে নাজমুল ইসলামকে সরিয়ে দিতে কমিটি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ।

এ বিরোধের জের ধরেই সোমবার তামিম আহমদ এবং নাজমুল ইসলাম বিতর্কে জড়ালে একপর্যায়ে দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটে।
যোগাযোগ করা হলে তামিম আহমদ প্রথম আলোর কাছে দাবি করেন, কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। তবে লন্ডন মহানগর ছাত্রলীগের দুটি ছেলে বিতর্কে জড়ালে তিনি দুজনকেই থামানোর চেষ্টা করেন। শোক দিবসের দিনে মারামারি থেকে বিরত থাকতে তাদের বারণ করেন। কোন দুই ছেলেকে থামিয়েছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘ওদের নাম আসলে বলতে চাইছি না।’ নাজমুল ইসলামের সঙ্গে কোনো বিরোধ নেই দাবি করে তামিম বলেন, ‘আমি নিজেই তো লন্ডন মহানগর কমিটি দিয়েছি।’
যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ প্রথম আলোকে বলেন, শোকসভা শেষ হওয়ার বেশ পরে ছাত্রলীগের দুটি ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। কিন্তু আরও ২০ জন লেগে গেছে ওদের থামাতে।