যুক্তরাজ্যের 'মোস্ট ওয়ান্টেড' বাংলাদেশি স্পেনে গ্রেপ্তার
ধর্ষণের অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ। পরিচয় গোপন করে কাজ করার সময় মঙ্গলবার স্পেনের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৩২) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে যুক্তরাজ্যে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। যুক্তরাজ্যের ‘মোস্ট ওয়ান্টেড’ আসামির তালিকার শীর্ষ দশে রয়েছে তাঁর নাম। খবর এএফপির।
স্প্যানিশ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অস্থায়ী ভিসায় যুক্তরাজ্যে বসবাস করার সময় ২০০৮ সালে এক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হন জাহাঙ্গীর। ওই অভিযোগে ২০১০ সালে তাঁর অনুপস্থিতিতে তাঁকে ১৪ বছরের কারাদণ্ড দেয় যুক্তরাজ্যের একটি আদালত। যুক্তরাজ্য থেকে পালিয়ে যান জাহাঙ্গীর। এতদিন তিনি আফ্রিকা উপকূলের স্পেনের একটি অংশে সান্তা ক্রুজে কাজ করছিলেন। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্প্যানিশ পুলিশের একজন মুখপাত্র এএফপিকে বলেন, জাহাঙ্গীর ২০০৮ সালে যুক্তরাজ্য থেকে পালিয়ে যান। অপরাধ করে পালিয়ে আছেন, এমন সন্দেহভাজনদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালাচ্ছে স্প্যানিশ ও ব্রিটিশ পুলিশ। সেই অভিযানে গ্রেপ্তার হন জাহাঙ্গীর।