যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সময় নির্যাতনের অভিযোগ
যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের সময় সম্প্রতি বাংলাদেশিসহ ৮৫ জন দক্ষিণ এশীয় অভিবাসনপ্রত্যাশীর ওপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে দেশটির অভিবাসন কর্মকর্তাদের বিরুদ্ধে।
গত ৩ এপ্রিল ৮৫ জন দক্ষিণ এশীয়কে বিশেষ ভাড়া করা ফ্লাইটে করে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টসম এনফোর্সমেন্ট (আইসিই) দপ্তর। ওই ব্যক্তিরা বাংলাদেশ, ভারত ও নেপালের নাগরিক। তাঁদের সাতজন অভিযোগ করেছেন, অ্যারিজোনা অঙ্গরাজ্যে বিমানে তোলার আগে প্রায় ১৫ জনকে ‘মরদেহ বহনের ব্যাগে’ ঢুকিয়ে দেন আইসিই কর্মকর্তারা। কয়েকজনকে বৈদ্যুতিক শকও দেওয়া হয়।
রাজনৈতিক আশ্রয়ের আবেদনসহ বৈধতা লাভের বিভিন্ন চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাঁদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, আইসিই কর্মকর্তারা প্রথমে একজন লোককে চেপে ধরে মাটিতে শুইয়ে দেন। তারপর ‘মরদেহ বহনকারী ব্যাগে’ মুড়িয়ে ফেলে ভেলক্রো বেল্ট দিয়ে শক্ত করে বাঁধা হয়। এরপর নিয়ে তোলা হয় বিমানে।
ধারণা করা হচ্ছে, আইসিই কর্তৃপক্ষের মাঝে মাঝে ব্যবহার করা ‘নিরাপত্তা কম্বল’কেই বহিষ্কৃত ব্যক্তিরা ‘মরদেহ বহনকারী ব্যাগ’ অভিহিত করেছেন। সোহেল আহমেদ (২৯) নামের এক প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেন, ‘আইসিই কর্মকর্তাদের এমন কাজে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমিসহ বেশ কয়েকজন কাঁদতে শুরু করি।’
তবে অভিযোগ অস্বীকার করে আইসিই কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কয়েকজন অভিবাসনপ্রত্যাশী সহায়তা না করতে চাইলে তাঁদের ওপর খুব সামান্য বল প্রয়োগ করা হয়েছে।’
এ ব্যাপারে মানবাধিকারকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। ন্যাশনাল ইমিগ্রেশন প্রজেক্ট অব দ্য ন্যাশনাল লইয়ার্স গিল্ডের সহযোগী পরিচালক পারমিতা শাহ বলেন, ‘বহিষ্কৃত ব্যক্তিদের কোনো সংস্থা বা আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। তবে এ অভিযোগ সত্যি হয়ে থাকলে তা চরম উদ্বেগের।’