যুক্তরাষ্ট্র বিএনপির দুই পক্ষে সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপির বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গত রোববার সন্ধ্যায় নগরীর জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা-সংলগ্ন ইত্যাদি গার্ডেনে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনস্থলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র জানায়, সংবাদ সম্মেলন শেষে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফসহ নেতারা নিচে নেমে একটি প্রতিবাদ সভার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের নেতৃত্বাধীন নেতারা লতিফ পক্ষকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁরা এহছানুল হক মিলনের বিরুদ্ধে নানা উসকানিমূলক স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং তা থেকে সংঘর্ষ শুরু হয়। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে দ্রুত সরে পড়েন এহছানুল হক মিলন। পরিস্থিতির আরও অবনতি হলে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ সেখান থেকে সবাইকে সরিয়ে দেয়। সংঘর্ষের এ ঘটনায় দুই পক্ষই প্রতিপক্ষের নেতা-কর্মীদের দায়ী করেছে। উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে মামলা করবে বলে জানা গেছে।
পুলিশ ডাইভার্সিটি প্লাজা থেকে সরিয়ে দিলেও পরে দুই পক্ষই বিভিন্ন রেস্টুরেন্টে বসে করণীয় নির্ধারণে বৈঠক করে।