যুক্তরাষ্ট্রে জঙ্গি অর্থায়নে বাংলাদেশের সাইফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে জঙ্গি কর্মকাণ্ডের জন্য শীর্ষস্থানীয় কেনাকাটার ওয়েবসাইট ‘ইবে’ ও অনলাইন লেনদেনের মাধ্যম ‘পেপ্যাল’ ব্যবহার করে অর্থ পাঠিয়েছিল জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আর এ কাজে যুক্ত ছিলেন বাংলাদেশি কম্পিউটার প্রকৌশলী ও উদ্যোক্তা সাইফুল হক (সুজন)। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর ফেডারেল আদালতে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দেওয়া একটি নথির ভিত্তিতে ওই প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। ব্যাংকসহ প্রচলিত মাধ্যমগুলোতে জঙ্গিবাদে অর্থায়ন বন্ধের জন্য যুক্তরাষ্ট্র সরকার বহুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যেই বিকল্প মাধ্যমে অর্থ পাঠানোর এই প্রক্রিয়া উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, অনেক দিন নজরদারির পর ২০১৫ সালের ১১ ডিসেম্বর ৩০ বছর বয়সী আমেরিকান মুসলিম মোহাম্মেদ এলশিনাওয়েকে মেরিল্যান্ড থেকে গ্রেপ্তার করে এফবিআই। পরের বছরের জানুয়ারিতে এলশিনাওয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বাল্টিমোরের ফেডারেল গ্র্যান্ড জুরি। এলশিনাওয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই জঙ্গিদের অর্থ পাচার নেটওয়ার্কের সূত্র পাওয়া যায়।

ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, এলশিনাওয়ে অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট ইবেতে ভুয়া কম্পিউটার প্রিন্টার বিক্রির বিজ্ঞাপন দিয়ে নাটক সাজান। এরপর তিনি অনলাইন অর্থ লেনদেনের মাধ্যম পেপ্যালের মাধ্যমে আইএসের নেটওয়ার্ক থেকে মোট ৮ হাজার ৭০০ ডলার পেয়েছিলেন। এর মধ্যে বাংলাদেশি সাইফুলের প্রতিষ্ঠান আইব্যাকস পাঁচটি দফায় (পেমেন্ট) এলশিনাওয়েকে অর্থ পাঠায়। আইব্যাকস কানাডার একটি প্রতিষ্ঠান থেকে ১৮ হাজার ডলারে সামরিক মানের নজরদারি সরঞ্জাম কিনেছিল। এ ছাড়া সাইফুলের প্রতিষ্ঠান আরেক মার্কিন কোম্পানি থেকে আড়ি পাতা যন্ত্র শনাক্তকারী সরঞ্জাম কেনার ক্রয়াদেশ দিয়েছিল, যা তুরস্কে পাঠানোর কথা ছিল। এ ছাড়া আইএসের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে এলশিনাওয়ে একটি ল্যাপটপ, একটি সেলফোন ও ভিপিএন কমিউনিকেশন নেটওয়ার্ক কেনেন। যা আইএসের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করতেন। এ ছাড়া ওই অর্থ যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালানোর জন্য পাঠানো বলে জানতেন এলশিনাওয়ে।

প্রসঙ্গত, সাইফুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জে। বড় হয়েছেন খুলনা ও বরিশালে। এইচএসসি পাসের পর ২০০৩ সালে যুক্তরাজ্যে পড়তে যান। কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন। ছাত্রাবস্থায় তিনি ২০০৫ সালে ‘আইব্যাকস টেকনোলজিস লিমিটেড’ নামে তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান গড়ে তোলেন। আইব্যাকসের কার্যালয় ঢাকায়ও ছিল। তিনি ২০১৪ সালের জুলাইয়ে দেশে আসেন এবং পরের মাসে তিনি অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই শিশুসন্তানসহ সিরিয়ায় চলে যান। এ বিষয়ে গত বছরের ২১ জানুয়ারি প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।

আইএসের কথিত রাজধানী সিরিয়ার রাকায় ড্রোন হামলায় ২০১৫ সালের ১০ ডিসেম্বর সাইফুল নিহত হন। তখন মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছিল, সাইফুল আইএসের শীর্ষ ১০ জনের একজন ছিলেন। 

এদিকে ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকায় সাইফুলের প্রতিষ্ঠান আইব্যাকসের কার্যালয়ে অভিযান চালায় ঢাকার গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয় সাইফুলের বাবা, ছোট ভাই ও শ্যালকসহ পাঁচজনকে।