চট্টগ্রাম বন্দরের জন্য যন্ত্রাংশ কেনার দরপত্রের শর্ত
যুক্তরাষ্ট্রে নিতে হবে চার কর্মকর্তাকে, দিতে হবে হাতখরচও!
চারজন কর্মকর্তাকে এক সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রে নিতে হবে। তাঁদের সেখানে আসা-যাওয়ার বিমান ভাড়া, থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক সব খরচ দিতে হবে নির্বাচিত দরদাতাকে। দিতে হবে হাতখরচও। এমন শর্ত দিয়ে নৌযানের ইঞ্জিনের যন্ত্রাংশ কেনার জন্য দরপত্র আহ্বান করেছে চট্টগ্রাম বন্দরের নৌ-প্রকৌশল বিভাগ।
বন্দরের সাহায্যকারী নৌযান ‘এমটি কান্ডারি-১০’-এর মূল ইঞ্জিনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও মূল ইঞ্জিন ওভারহোলিং করার জন্য গত ২৮ জুন এ দরপত্র আহ্বান করা হয়। বন্দরের উপপ্রধান প্রকৌশলী (মেরিন) এ দরপত্র আহ্বান করেন। গত ১১ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। দরপত্র জমা নেওয়া হয় গত ১৭ আগস্ট। দরপত্র জমা দিয়েছে দুটি প্রতিষ্ঠান। বর্তমানে দরপত্র মূল্যায়নের কাজ চলছে।
বন্দর সূত্র জানায়, যন্ত্রাংশের সম্ভাব্য মূল্য ৮৪ লাখ টাকা। ওভারহোলিং কাজের সম্ভাব্য খরচ ৫ লাখ টাকা। যন্ত্রাংশ আনার খরচ, ঠিকাদারের মুনাফা, শুল্ক-করসহ মোট খরচ ১ কোটি ৩৫ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। দরদাতারা সাধারণত এই খরচ যোগ করে দরপত্র জমা দেন। তাই পরোক্ষভাবে বন্দরকেই এ ব্যয়ভার বহন করতে হবে।
সংশ্লিষ্ট সূত্রমতে, চার কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে আনা-নেওয়ার জন্য খরচ হবে অন্তত ২০ লাখ টাকা। এদিকে সফরের উদ্দেশ্য যন্ত্রাংশ পরিদর্শন হলেও প্রতিনিধিদলে থাকবে অকারিগরি কর্মকর্তাদের প্রাধান্য। প্রতিনিধিদলে প্রকৌশলী থাকবেন মাত্র একজন।
বন্দর সূত্রমতে, কারখানায় গিয়ে যন্ত্রাংশ পরিদর্শনের বাধ্যবাধকতা নেই। কারণ দেশে আনার পর বন্দরের একটি কমিটি যন্ত্রাংশ পরিদর্শন করবে। কমিটির প্রতিবেদন সন্তোষজনক হলেই এসব পণ্য গ্রহণ করা হবে। আবার মূল প্রস্তুতকারক কোম্পানির প্রতিনিধিকে বিদেশি বিশেষজ্ঞের উপস্থিতিতে ইঞ্জিনের ওভারহোলিং কাজ করতে হবে। এ ছাড়া দরপত্রেও বলা হয়েছে, মেরামতের পর ইঞ্জিনের ‘টেস্ট অ্যান্ড ট্রায়াল’ (পরীক্ষা ও মহড়া) কাজের সময় ন্যূনতম ৬০০ ঘণ্টা সন্তোষজনক না হলে তা গ্রহণ করা হবে না। এ কারণে কর্মকর্তাদের এ ধরনের সফর নিয়ে প্রশ্ন তুলেছেন বন্দরের সাবেক কর্মকর্তারাও।
বন্দর পর্ষদের সাবেক সদস্য হাদী হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্পেয়ার পার্টস (যন্ত্রাংশ) দেখার জন্য বিদেশে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। কারণ চার কর্মকর্তার যুক্তরাষ্ট্রে আসা-যাওয়াসহ আনুষঙ্গিক খরচ ২০ লাখ টাকার কম হবে না। এত কম টাকার কেনাকাটার জন্য এ ধরনের ব্যয়বহুল সফর নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে। দরপত্র দলিলে ‘পকেট মানি’ দেওয়ার কথা বলাও ঠিক হয়নি। পিপিআরে (গণ খাতে ক্রয়বিধি) এ ধরনের বিধানও নেই। তবে বিদেশ থেকে গ্যান্ট্রি ক্রেনসহ বড় যন্ত্র বা নৌযান কেনার সময় বিদেশে গিয়ে পরিদর্শনের যৌক্তিকতা আছে।’
গণ খাতে ক্রয়বিধির ৪০ ধারায় বলা হয়েছে, ক্রয়কারী চুক্তিবদ্ধ পণ্যের প্রাক্-জাহাজীকরণ পরিদর্শন সম্পাদন করার জন্য বহিঃস্থ এজেন্ট নিয়োগ করতে পারবে। অন্যদিকে ‘স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টস’-এর ৩২ ধারায় বলা হয়েছে, বহিঃস্থ এজেন্ট নিয়োগের খরচ ক্রয়কারীকে (এ ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ) বহন করতে হবে।
বন্দর সূত্র জানায়, নিয়মানুযায়ী আন্তর্জাতিক পরিদর্শন সংস্থাগুলো বহিঃস্থ এজেন্ট হিসেবে কাজ করে।
সরকারি কেনাকাটা তদারকি সংস্থা পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের ‘স্ট্যান্ডার্ড টেন্ডার ডকুমেন্টস’-এ পরিদর্শন ও পরীক্ষা-নিরীক্ষা কোথায় হবে তা উল্লেখ করার কথা বলা হয়েছে।
বন্দরের দরপত্র নথিতে এই পরিদর্শন, পরীক্ষা ও মহড়া পরিচালনার কথা বলা হয়েছে কর্ণফুলী নদী ও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। চট্টগ্রামে পরিদর্শনের কথা বলা হলেও একই ধারায় চার কর্মকর্তার বিদেশ সফরের বিষয়টি যুক্ত করা হয়েছে।
দরপত্র দলিলে বলা হয়, ক্রেতা (বন্দর) চারজন কর্মকর্তাকে এক সপ্তাহের জন্য যুক্তরাষ্ট্রের ইঞ্জিন নির্মাতাপ্রতিষ্ঠান ‘ক্যাটারপিলার’ কারখানায় যন্ত্রাংশ পরিদর্শনের জন্য পাঠাবে। যুক্তরাষ্ট্রে যাওয়া-আসা, খাওয়া, থাকা, হাতখরচ (পকেট মানি), অভ্যন্তরীণ যাতায়াত খরচসহ সব ধরনের খরচ সরবরাহকারীকে পরিশোধ করতে হবে।
দরপত্রের বিষয়ে জানতে চাইলে বন্দরের উপপ্রধান প্রকৌশলী (মেরিন) এমদাদুল হক বিষয়টি নিয়ে বন্দরের মুখপাত্র ও পর্ষদ সদস্যের (প্রশাসন ও পরিকল্পনা) সঙ্গে কথা বলার পরামর্শ দেন। বন্দর পর্ষদ সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সাধারণত অল্প দামের কেনাকাটার জন্য প্রাক্-জাহাজীকরণ পরিদর্শন করা হয় না। তবে এ রকম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।’