যুক্তরাষ্ট্রে বাংলাদেশি খুনের ঘটনায় একজন আটক
যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের স্টামফোর্ড শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ কামাল (৪৭) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। খবর এপির।
কানেটিকাটের পুলিশ জানিয়েছে, গত বুধবার সকালে ডুলিটল রোডে নিজ বাসার কাছে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁর শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের কাছেই পরিত্যক্ত অবস্থায় তাঁর ট্যাক্সিটি পাওয়া যায়।
পুলিশ ধারণা করছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। ট্যাক্সির ভেতর ও বাইরে কামালের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন।
কামালের ভাই মোহাম্মদ রশিদ জানান, কামাল রাতে তাঁর স্ত্রীকে ফোন করে কাজের সময় প্রায় শেষ বলে জানান। কিন্তু কামাল ফিরে না এলে তাঁর স্ত্রী পুলিশকে বিষয়টি জানান।
কামালের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। কামাল ২০ বছর আগে উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। স্ত্রী ও এক ছেলে নিয়ে তিনি ডুলিটল রোডের একটি বাসায় থাকতেন।