যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতি খুনের ঘটনায় ছোট ছেলেও গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গুলিতে নিহত বাংলাদেশি দম্পতির ছোট ছেলেকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনো কিছুই জানায়নি।
বাংলাদেশি দম্পতি গোলাম রাব্বি (৫৯) ও শামীমা রাব্বির (৫৭) গুলিবিদ্ধ লাশ গত রোববার ক্যালিফোর্নিয়ার সান হোসে শহরে তাঁদের বাড়িতে পাওয়া যায়। বাড়িতে এ সময় তাঁদের দুই ছেলের কেউই ছিল না।
নিহত দম্পতির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার জানাজা শেষে লিভারমোর শহরের ফাইভ পিলার সমাধিক্ষেত্রে লাশ দাফনের কথা ছিল।
খুনের দুই দিন পর পুলিশ রাব্বি দম্পতির ১৭ বছর বয়সী ছোট ছেলের সন্ধান পায়। তার কাছ থেকেই তথ্য পেয়ে বড় ছেলে হাসিব রাব্বিকে (২১) গত বুধবার গ্রেপ্তার করে পুলিশ। হত্যাকাণ্ডের পরদিন সোমবারও রাব্বি দম্পতির ছোট ছেলে স্কুলে যায়। সান হোসে পুলিশ প্রথমে বলেছিল, ছোট ছেলে তাদের সন্দেহের তালিকায় নেই। তবে হাসিবকে গ্রেপ্তারের পর গত বৃহস্পতিবার তাকেও গ্রেপ্তার করা হয়। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম বা ছবি প্রকাশ করেনি পুলিশ। তাকে কিশোর কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় পুলিশ বলছে, রাব্বি দম্পতিকে খুনের অভিযোগেই দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি। অবশ্য এ হত্যাকাণ্ডের ঘটনায় আর কোনো সন্দেহভাজন নেই বলে তারা জানিয়েছে।
তবে গণমাধ্যমের খবরে বড় ছেলে হাসিবের সমকামিতাকেই এ হত্যাকাণ্ডের কারণ হিসেবে সামনে আনা হচ্ছে। পারিবারিক এবং প্রতিবেশী সূত্রের বরাতে এনবিসি টিভির খবরে বলা হয়, হাসিবের সমকামী জীবনে বাবা-মার অনুমোদন ছিল না। তাঁদের নিকটাত্মীয় নাফিস হাসান এনবিসিকে বলেন, রাব্বি পরিবারকে হাসিবের সমকামিতা নিয়ে কখনো আলোচনা করতে দেখা যায়নি। তবে আলোচনা হলেও বিষয়টি কখনোই অনুমোদন করার কথা নয়।
পেশায় প্রকৌশলী গোলাম রাব্বির স্থানীয় যে মসজিদে নিয়মিত যাতায়াত ছিল, তার কমিটির সদস্য এবং পারিবারিক বন্ধু রহিম হাসান জানিয়েছেন, গোলাম রাব্বি খুবই মিশুক প্রকৃতির ছিলেন। তবে তাঁর ছেলেদের অন্তর্মুখী মনে হতো। কিন্তু ছেলের সমকামিতা নিয়ে কখনোই তিনি আলোচনা করেননি।
পশ্চিমা সংস্কৃতি এবং জীবনাচার নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী পরিবারগুলো এমনিতেই উৎকণ্ঠায় থাকে। এমন পরিপ্রেক্ষিতে রাব্বি দম্পতির হত্যাকাণ্ড নিয়ে প্রবাসীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। প্রবীণ সাংবাদিক মাহবুবুর রহমান বলেন, সমকামিতা বা এ-জাতীয় বিষয়ে পারিবারিক সমস্যা সৃষ্টি হলে তা গোপন না রেখে আলোচনা করা উচিত।