যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দম্পতি হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান হোসে শহরে গুলিতে নিহত বাংলাদেশি দম্পতি গোলাম রাব্বি ও শামীমা রাব্বির বড় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খুনের দুই দিন পর রাব্বি দম্পতির ১৭ বছর বয়সী ছোট ছেলের সন্ধান পায় পুলিশ। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বড় ছেলে হাসিব রাব্বিকে (২১) গত বুধবার সন্ধ্যায় ট্র্যাসি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার ওই দম্পতির গুলিবিদ্ধ লাশ তাঁদের বাড়ির মেঝেতে দেখতে পান তাঁদের বন্ধুরা। পেশায় প্রকৌশলী গোলাম রাব্বি এবং হিসাবরক্ষক শামীমা সান হোসে শহরে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন।
গোলাম রাব্বি ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন। বাংলাদেশে তাঁর পৈতৃক বাড়ি বগুড়ায় বলে জানা গেছে। সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত ‘এমদাদ অ্যান্ড সিতারা খান ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন সিতারা খানের ছোট ভাই গোলাম রাব্বি।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন ধরে গোলাম রাব্বির কোনো খোঁজ না পেয়ে গত রোববার বিকেলে তাঁর কয়েক বন্ধু সান হোসের বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁরা বাড়ির দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকেই তাঁদের চোখে পড়ে ভয়াবহ দৃশ্য। দুজনের রক্তাক্ত মৃতদেহ কাঠের মেঝেতে পড়ে ছিল। সেখানে একটি চিরকুটও পাওয়া যায় যাতে লেখা ছিল—‘দুঃখিত, আমার প্রথম খুনটি ছিল বিরক্তিকর’।
এ ছাড়া তদন্ত কর্মকর্তারা ওই বাড়ির দেয়ালে লেখা আরেকটি বার্তা দেখতে পান। বার্তাটি এমন—‘তোমার মত আমি মিথ্যাবাদী হতে পারব না। আমি ওদের (মা-বাবা) অজ্ঞাতে অথবা সম্মতি ব্যতীত কাউকে ভালবাসতে পারব না।’ রাব্বি দম্পতির লাশ যখন পাওয়া যায়, তখন তাঁদের দুই ছেলে বাড়িতে ছিলেন না।