যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়ার উদ্দেশ্যে সিরিয়া যাওয়ার চেষ্টার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুবক পারভেজ আহমেদ (২২)। আইএস জঙ্গিদের সহায়তা দেওয়ার অভিযোগে ২৯ আগস্ট তাঁকে গ্রেপ্তারের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে কর্তৃপক্ষ।

নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিকের ভারপ্রাপ্ত অ্যাটর্নি এম রোড বলেন, পারভেজের বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকসহ অসংখ্য মানুষকে হত্যার উদ্দেশ্যে অস্ত্র হাতে নেওয়ার চেষ্টা চালিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা অভিযোগ করেন, পারভেজ গত জুনে সৌদি আরব যান। সেই সময় সিরিয়ার আইএস-নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাঁকে সীমান্তে আটক করে সৌদি পুলিশ। তখন থেকেই নিউইয়র্কের ওজোনপার্কে তাঁর বাবার বাড়িতে খোঁজখবর নিতে থাকে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। গত ১৭ জুলাই এফবিআইয়ের যৌথ টাস্কফোর্স তাঁর কম্পিউটার খতিয়ে দেখে প্রমাণ পায়, তিনি উগ্রবাদী ধর্মীয় নেতাদের বক্তৃতার রেকর্ড শুনতেন। এফবিআইয়ের অনুরোধে ২৮ আগস্ট সৌদি পুলিশ তাঁকে নিউইয়র্কে ফেরত পাঠায়। জেএফকে বিমানবন্দরে অবতরণের পর এফবিআই তাঁকে আটক করে। ২৯ আগস্ট বিকেলে পারভেজকে ব্রুকলিনে ফেডারেল কোর্টের জজ জেমস ওরেনস্টাইনের আদালতে হাজির করা হয়। তাঁকে আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যে ভ্রমণের আগে পারভেজ সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী সংগঠনগুলোর প্রতি সমর্থন জোগান। এফবিআইয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক উইলিয়াম এফ সুইনি জুনিয়র বলেন, এর আগে অন্য জঙ্গিরা পারভেজের মতো একই পন্থায় জঙ্গিগোষ্ঠীতে যোগ দিয়েছে।

জেএফকে বিমানবন্দরে আটকের সময় পারভেজের সঙ্গে থাকা ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে পাওয়া বার্তায় তাঁর সিরিয়ায় প্রবেশের ও ‘শহীদ’ হতে আইএসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ পায়। অভিযোগ প্রমাণিত হলে তাঁর ২০ বছর কারাদণ্ড হবে।

মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসার পর সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেন পারভেজ। তাঁর বাড়ি সিলেটের বিয়ানীবাজার থানায় বলে জানা গেছে। মেধাবী ছাত্র হিসেবে তিনি নিউইয়র্কের সেরা ‘স্টাইভ্যাসেন্ট হাইস্কুল’-এ ভর্তির সুযোগ পান। এরপর হান্টার কলেজে ভর্তি হন।

পারভেজের পরিবার বলেছে, হঠাৎ করেই বদলে যান পারভেজ। সবকিছু ছেড়ে তিনি নীরব হয়ে যান। গত জুনে বাবার সঙ্গে সৌদি আরব যান। সেখান থেকেই তিনি উধাও হন।