যুক্তরাষ্ট্রে বাংলাদেশি হত্যার তথ্য দিলে পুরস্কার
যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় বাংলাদেশি নারীর হত্যাকারী সম্পর্কে তথ্য পাওয়ার জন্য ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারান ৬০ বছর বয়সী নাজমা খানম। সিবিএসের খবরে আজ শনিবার এ কথা জানানো হয়।
নাজমার হত্যাকারীকে ধরতে কাজ করছে পুলিশ। পুলিশ সন্দেহভাজন খুনির ভিডিও প্রকাশ করেছে। এর মধ্যে এই পুরস্কার ঘোষণা করা হলো।
নিহতের পরিবারের সদস্যদের দাবি, তিনি অন্যায় করেননি। তাঁর বিশ্বাসের কারণে তাঁকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করা হয়েছে। নিহতের এক স্বজন বলেন, ‘এটি ঘৃণা প্রসূত হত্যাকাণ্ড। কারণ, তিনি হিজাব পরতেন। কেউ একজন এসে তাঁকে হত্যা করে চলে গেছে। তাঁর কিছুই করার ছিল না।’
নাজমা খানম শরীয়তপুর সরকারি বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তাঁর স্বামী সামসুল আলম শরীয়তপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক শিক্ষক। স্বামী ও ছোট ছেলের সঙ্গে নাজমা খানম নিউইয়র্কে বসবাস করতেন।
ফুটপাত দিয়ে হাঁটার সময় অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাজমা খানম লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের সময় নাজমা খানমের হাতে একটি ব্যাগ ছিল। দুর্বৃত্তরা ব্যাগটি নিয়ে যায়নি।
সম্প্রতি নিউইয়র্কে একজন ইমাম ও তাঁর সহযোগী দুর্বৃত্তের গুলিতে নিহত হন। এর ব্যাপক প্রতিক্রিয়ায় প্রবাসীরা সভা-সমাবেশ করেন। ইমাম আখঞ্জির হত্যাকারীকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।