যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে চুরির অভিযোগে বাংলাদেশি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে এক বিমানযাত্রীর ব্যাগ থেকে ৫ হাজার ৬০০ ডলার চুরির অভিযোগে এক বাংলাদেশি নারীকে আটক করেছে পুলিশ। গত সোমবার তিনি পুলিশের হাতে ধরা পড়েন। গতকাল মঙ্গলবার নিউইয়র্ক ডেইলি এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, নাদিরা মল্লিক (৬১) নামের ওই নারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। গত রোববার সকালে চুরির পর তিনি ওই অর্থ একটি বাক্সে লুকিয়ে রেখেছিলেন। বিমানবন্দর পুলিশের মুখপাত্র জোসেফ পেন্টাগেল জানান, চুরির শিকার ওই ব্যক্তি (৬০) একজন চীনা নাগরিক। তাঁর কাছ থেকে নগদ ৪ হাজার ৩০০ মার্কিন ডলার ও ১ হাজার ৩০০ ডলার সমমূল্যের ইয়েন চুরি করেন ওই নারী।

তিনি বলেন, নিরাপত্তা ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, নাদিরা মল্লিক কিছু মার্কিন ডলার তাঁর সঙ্গে থাকা ব্যাগে ঢুকিয়ে রাখছেন। ব্যাগের অপর একটি অংশে ইয়েন ঢুকিয়ে রাখার চিত্রও ধরা পড়ে ওই ভিডিওতে। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ওই অর্থ ফেরত দিতে রাজি হন।

পুলিশ ওই চীনা নাগরিকের অর্থ ফেরত দিয়েছে এবং চুরির অপরাধে নাদিরার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে। সোমবার তাঁকে কুইন্সের একটি অপরাধ আদালতে হাজির করা হয়।