যুক্তরাষ্ট্রের জেনারেল কেব্ল বাংলাদেশেও ঘুষ দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কেব্‌ল উৎপাদক প্রতিষ্ঠান জেনারেল কেব্‌ল করপোরেশন তাদের বিরুদ্ধে ওঠা ঘুষ-সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তিতে সাড়ে সাত কোটি ডলারের বেশি জরিমানা দিতে সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত বৃহস্পতিবার বলেছে, কেন্টাকিভিত্তিক ওই কোম্পানি তার ব্যবসা বাড়াতে বাংলাদেশ, চীন ও অ্যাঙ্গোলার কর্মকর্তাদের ঘুষ দিয়েছে। জেনারেল কেব্‌লও স্বীকার করেছে, ব্যবসা পেতে এ কোম্পানির বাইরের এজেন্টরা যে ওই দেশগুলোর কর্মকর্তাদের ঘুষ দিয়েছে, সে ব্যাপারে নির্বাহীরা জানতেন।

মার্কিন বিচার মন্ত্রণালয়ের সঙ্গে সই হওয়া এক চুক্তি থেকে এ স্বীকারোক্তির বিষয়টি জানা গেছে।

জেনারেল কেব্‌ল এক বিবৃতিতে বলেছে, ঘুষ নিয়ে বিচার মন্ত্রণালয়ের অভিযোগ নিষ্পত্তিতে তারা দুই কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে। এর বাইরে একই রকমের একটি বিষয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এক তদন্তের নিষ্পত্তিতে ৬৫ লাখ ডলার পরিশোধ করতে রাজি তারা। এ ছাড়া ঘুষ দিয়ে আদায় করা স্কিমের ৫ কোটি ১০ লাখ ডলার লাভের অর্থও তারা সমর্পণ করবে।

ইউএস ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট অনুযায়ী, ব্যবসা বাড়াতে ভিনদেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়াটা মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য একটি অপরাধ।

এদিকে মার্কিন বিচার মন্ত্রণালয়ের পাবলিক অ্যাফেয়ার্স দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেনারেল কেবলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, এসব ঘুষের বিষয়ে ই-মেইলে খোলাখুলিভাবে বার্তা আদান-প্রদান হয়েছে। যেমন ২০১২ সালের জুনে বাংলাদেশের একজন বিক্রয় এজেন্ট কোম্পানির অধীনস্থ থাইল্যান্ড কার্যালয়ের একজন নির্বাহী ও অন্যান্য কর্মকর্তাকে জানান, কোম্পানি থেকে যে পরিমাণ অর্থ তাঁকে দেওয়া হয়েছে, তা ‘ক্রেতার মধ্যকার সিদ্ধান্ত গ্রহণকারী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও বিডারের কয়েকজন শীর্ষ নির্বাহী পাবেন’। ওই নির্বাহী (যিনি ২০১২ সালের ডিসেম্বরে জেনারেল কেবলের একজন নির্বাহী হন) ২০১৩ সালের মে মাসে বাংলাদেশের বিক্রয় এজেন্টের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বরাদ্দ অনুমোদন করেছিলেন। এ ছাড়া ২০১১ সালে ওই নির্বাহীই (যিনি তখন কোম্পানির থাইল্যান্ডের সাবসিডিয়ারিতে কর্মরত) জেনারেল কেবলের একজন নির্বাহীকে জানান, থাইল্যান্ডে একজন ডিস্ট্রিবিউটরকে দেওয়া অর্থ অসাধু কাজে ব্যবহৃত হচ্ছে। পাবলিক অ্যাফেয়ার্স দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, জেনারেল কেব্‌ল এসব লেনদেনের কোনো তদন্ত করেনি এবং এগুলো অব্যাহত থাকে।