চট্টগ্রামে ছিনতাইয়ের ২৬ ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের এক নারী নাগরিকের মালামালসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. নাগর পণ্ডিত। গত বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ছিনতাইয়ের শিকার হওয়া ডানা হুডসন ম্যাকলাসিন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ইংরেজি বিভাগের শিক্ষক।
এ বিষয়ে গতকাল শুক্রবার দুপুরে নগর পুলিশের কার্যালয়ের মূল ফটকে সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার হাসান মো. শওকত আলী বলেন, গত বুধবার রাত সাড়ে ৯টায় হেঁটে নগরের জাকির হোসেন রোড দিয়ে দক্ষিণ খুলশী এলাকার বাসায় ফিরছিলেন ডানা হুডসন। রাস্তায় একটি সিএনজি অটোরিকশায় করে আসা দুই ছিনতাইকারী টান দিয়ে তাঁর হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ডানা হুডসন নগরের খুলশী থানায় মামলা করেন। ঘটনাস্থলের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিওচিত্রের সূত্র ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নগরের চান্দগাঁও এলাকা থেকে নাগর পণ্ডিতকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ডানা হুডসনের ছিনতাই হওয়া একটি ল্যাপটপ, আইপড ও কিন্ডল (ই-রিডার) উদ্ধার করা হয়। তবে তাঁর মুঠোফোন, সাত হাজার টাকা, এটিএম কার্ড ও যুক্তরাষ্ট্রের ড্রাইভিং লাইসেন্সটি উদ্ধার করা যায়নি। আসামির আরেক সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে।
হাসান মো. শওকত আলী আরও বলেন, গ্রেপ্তার হওয়া আসামির কাছ থেকে একটি নম্বরবিহীন অটোরিকশা এবং দৈনিক সংবাদ মোহনা নামের একটি পত্রিকার পরিচয়পত্র জব্দ করা হয়েছে। সাংবাদিক পরিচয় দিয়ে নম্বরবিহীন ওই অটোরিকশাটি চালিয়ে আসছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া নাগর পণ্ডিত বলেন, ওই পত্রিকার গাড়িচালক পরিচয় দিয়ে তিনি নম্বরবিহীন অটোরিকশাটি চালান। এ কারণে পুলিশ তাঁকে ধরত না।
ছিনতাই হওয়া সব মালামাল ফেরত না পেলেও ল্যাপটপসহ কিছু জিনিস ফেরত পেয়ে সংবাদ সম্মেলনে সন্তুষ্টি প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের নাগরিক ডানা হুডসন ম্যাকলাসিন।