যুগের চিন্তা সম্পাদকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত যুগের চিন্তা পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতা শরীফ হোসেন। আদালত মামলাটি গ্রহণ করে পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন।

স্থানীয় ওই পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আবু আল মোরছালীন বাবলা। গতকাল সোমবার নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়। আরজিতে উল্লেখ করা হয়, ১৬ অক্টোবর যুগের চিন্তা পত্রিকায় ‘জেলা আওয়ামী লীগের কমিটি; পদ পেতে চলছে টাকার লড়াই’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। জেলা কমিটির বিভিন্ন পদ পেতে আগ্রহী প্রার্থীরা টাকার বস্তা নিয়ে ঘুরছেন—প্রতিবেদনটিতে এমন তথ্য দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ ও সংগঠনটির নেতা-কর্মীদের মানহানি হয়েছে।

মামলার বাদী শরীফ হোসেন জেলা আইনজীবী সমিতির সমাজসেবা–বিষয়ক সম্পাদক পদেও রয়েছেন। মামলায় পাঁচজনকে সাক্ষী করা হয়েছে। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, আদালতের পিপি এম ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা ও জ্যেষ্ঠ আইনজীবী নুরুল হুদা।

যোগাযোগ করলে আবু আল মোরছালীন বলেন, ‘আমি এখনো আদালতের কাগজ পাইনি। কাগজ পেলে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’