যুগ্ম সচিব, উপসচিবসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য পরিদর্শক পদে ৪৪ জনকে নিয়োগে দুর্নীতির অভিযোগে করা মামলায় এজাহারভুক্ত ৪৬ জনকে বাদ দিয়ে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। তবে এজাহারভুক্তদের বাইরে একজনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন যুগ্ম সচিব, একজন উপসচিব এবং খাদ্য অধিদপ্তরের একজন পরিচালক রয়েছেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য অভিযোগপত্র অনুমোদনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সোমবার ৮ জনকে আসামি করে অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তাঁরা হলেন‍, খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি (বর্তমানে পরিচালক-সংগ্রহ) ইলাহী দাদ খান, খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব (বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব) নাসিমা বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ, ডেভেলপমেন্ট প্ল্যানার্স অ্যান্ড কনসালট্যান্টসের (ডিপিসি) মালিক মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) আইউব আলী, সাবেক সিস্টেম অ্যানালিস্ট আসাদুর রহমান, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আরিফ হোসেন ও অ্যাসিস্ট্যান্ট ডেটাবেজ অ্যাডমিন আবুল কাসেম।
এজাহারভুক্তদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও বাছাই কমিটির সদস্য রোকেয়া খাতুন এবং ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) ও সরকারি কর্মকমিশন সচিবালয়ের সাবেক উপপরিচালক মো. মাহবুবুর রহমান ফারুকীসহ চাকরিতে যোগদান করা ৪৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দেওয়ার অভিযোগে গত বছরের ৬ অক্টোবর মামলা করেন দুদকের উপপরিচালক ও অভিযোগটির অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক। পরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় আরেক উপপরিচালক হামিদুল হাসানকে।
মামলার এজাহারে বলা হয়, খাদ্য অধিদপ্তরের তৃতীয় শ্রেণির ১০টি ক্যাটাগরিতে ১ হাজার ৫৫২টি শূন্য পদ পূরণের জন্য ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রার্থীদের আবেদনপত্র তালিকাভুক্ত করাসহ ফলাফল প্রকাশ পর্যন্ত যাবতীয় কাজের জন্য তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট প্ল্যানার্স অ্যান্ড কনসালট্যান্টসের (ডিপিসি) সঙ্গে অধিদপ্তরের চুক্তি হয়।
অনুসন্ধানে দেখা গেছে, অধিদপ্তরের বিভাগীয় বাছাই কমিটির পাঁচজন সদস্য ও ডিপিসির চারজন কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে অযোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ করে দিয়েছেন। পরীক্ষায় ফলাফল প্রকাশে কম্পিউটার সফটওয়্যার পরিবর্তন করে মেধাবীদের বাদ দিয়ে অযোগ্যদের ফলাফলে অধিক নম্বর প্রাপ্তি দেখিয়ে ৪৪ জনকে চাকরি দেওয়া হয়েছে। চাকরি পাওয়া ৪৪ জনসহ নিয়োগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ৫৩ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে উপপরিচালক হামিদুল হাসান গত ১৪ ফেব্রুয়ারি ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের সুপারিশ সংবলিত প্রতিবেদন দাখিল করেন। কমিশন সেখান থেকে দুজনকে বাদ দিয়ে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেয়।
ব্যক্তিগত শুনানি করেও পার পেলেন না নাসিমা বেগম
নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করে নিজের সাফাই গেয়েও পার পাননি খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব (বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব) নাসিমা বেগম। গতকাল রোববার দুদকে ব্যক্তিগত ব্যক্তিগত শুনানির মুখোমুখি হন তিনি। নিয়োগ দুর্নীতির সঙ্গে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে তিনি বলেন, নিয়োগ কমিটির সিদ্ধান্তক্রমেই এ নিয়োগ হয়েছে। পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে একটি আইটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়। ব্যক্তিগতভাবে তাঁর কিছুই করার অবকাশ ছিল না-মর্মে দাবি করেন তিনি।
দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২২ ধারায় ব্যক্তিগত শুনানির আবেদন করেন নাসিমা বেগম। এ পরিপ্রেক্ষিতে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের সভাপতিত্বে রোববার দুপুরে অনুষ্ঠিত শুনানিতে উপস্থিত ছিলেন কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন, কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ, মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত) জিয়াউদ্দিন আহমেদ, পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন। কিন্তু শুনানির পরদিন তাঁকেসহ অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন।