যুগ্ম সচিবের মেয়ের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের বাসা থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলম আরা রহমানের মেয়ে প্রমিথি রহমানের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেনের অফিসার্স কোয়ার্টারের তমাল ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘সুরতহাল রিপোর্ট দেখে মনে হচ্ছে, বিষক্রিয়ায় প্রমিথির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয়।’
ওসি আরও বলেন, বিষপান করে থাকলে প্রমিথি নিজে করেছেন না কি অন্য কেউ তাঁকে বিষপান করিয়েছে সেটা নিশ্চিত নয়।
মরদেহের সুরতহাল রিপোর্টে বলা হয়েছে, প্রমিথির ঠোঁটের ডান পাশে কালো রংয়ের বিষের মতো কিছু ছিল এবং ডানদিক দিয়ে লালা বের হওয়ার চিহ্ন ছিল। তাঁর শরীর ঠান্ডা এবং পেট ফোলা অবস্থায় ছিল।
প্রমিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, মা আলম আরা রহমান ঈদের আগের সপ্তাহে ১৯ সেপ্টেম্বর দেশের বাইরে যাওয়ার কারণে প্রমিথি বাসায় একা ছিলেন। গৃহকর্মী এসে বাসার কাজ কর্ম করে দিয়ে যেতেন। শনিবার রাতে দেশে ফেরার পর বাসায় গিয়ে মেয়েকে ঘরে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন তিনি।
পরে রমনা থানার উপপরিদর্শক (এস আই) মো. এমদাদুল হক সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।