যুব উন্নয়ন কার্যালয়ে ছাত্রলীগ নেতার হামলা

মাদারীপুরে চাঁদা না দেওয়ায় যুব উন্নয়ন অধিদপ্তর রাজৈর উপজেলা কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে পৌর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার চত্বরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, দুপুরে রাজৈর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর অফিসে পৌর ছাত্রলীগের সভাপতি রনি মাতুব্বর তাঁর লোকজন নিয়ে ক্রেডিট সুপারভাইজার আবদুল হাই আকনের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রনি ও তাঁর সঙ্গে থাকা লোকজন আবদুল হাইসহ অফিসের সদস্যদের মারধর করেন। পরে চেয়ার-টেবিলও ভাঙচুর করা হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ।
যুব উন্নয়ন অধিদপ্তর রাজৈর কার্যালয়ে ক্রেডিট সুপারভাইজার আবদুল হাই আকন প্রথম আলোকে বলেন, ‘পৌর ছাত্রলীগ নেতা আমার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হলে আমাকে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে তাঁরা অফিসের ভেতরে এসে ভাঙচুর চালান। আমাকে ওই নেতা চেয়ার ছুড়ে মারেন। এতে আমার বুকে আঘাত লেগেছে।’
অভিযোগের বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি রনি মাতুব্বরের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি বলেন, ‘আমি কোনো ভাঙচুর করি নাই। আমার বিরুদ্ধে ওরা মিথ্যে অভিযোগ দিয়েছে। আমি ওই অফিসে গিয়েছি একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে। ওই অফিসের স্টাফ আবদুল হাই আকনের ছেলের সঙ্গে আমার পরিচিত এক ছেলের খেলা নিয়ে বিরোধ ছিল। তাই তাঁর সঙ্গে এ বিষয় নিয়ে সমাধান করতে আমি অফিসে যাই। ওখানে গিয়ে আমরা কোনো ঝামেলা করি নাই।’
উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা গোলাম ফারুক বলেন, ‘ওই ছাত্রলীগ নেতা স্টাফদের কাছে চাঁদা চেয়েছেন। তা দিতে অস্বীকৃতি জানালে এ হামলা হয়। তাঁরা স্টাফদের মারধর করেন। ঘটনার পর আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি এবং পুলিশের কাছে অভিযোগও করেছি।’
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা মনির বলেন, ‘সরকারি অফিসের গিয়ে পৌর ছাত্রলীগের সভাপতি হামলা চালিয়েছে, এমন কোনো খবর পাইনি। যদি অফিসের কর্মকর্তারা আমাদের কাছে অভিযোগ করেন, তবে আমরা ওই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি উপজেলার চেয়ারম্যানসহ অন্যরা মিলে মীমাংসার চেষ্টা চালাচ্ছে।’