যুব মৈত্রীর দুই নেতাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
রাজবাড়ীতে যুব মৈত্রীর দুই নেতাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বেলা ১১টায় শহরের পাটবাজার এলাকায় জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
ভুক্তভোগী নেতাদের নাম আলমগীর খান ও সেলিম প্রামাণিক। আলমগীর খান সদর উপজেলা যুব মৈত্রীর সহসভাপতি ও বরাট ইউনিয়ন যুব মৈত্রীর সভাপতি। তাঁর বাড়ি গোপালবাড়ি গ্রামে। সেলিম বরাট ইউপি যুব মৈত্রীর সহসভাপতি। তিনি বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের আক্কাস আলীর ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বলা হয়, চলতি বছর ১ মার্চ সেলিমকে রাজবাড়ী শহরের রেলগেট এলাকা থেকে পুলিশ আটক করে। পরে বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারের একটি ভাঙা দোকান ঘরের ভেতর থেকে রিভলবার ও গুলি উদ্ধার দেখানো হয়। এরপর তাঁকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
সেলিম ২৩ মে লোডশেডিংয়ের বিরুদ্ধে ছাত্র ও যুব মৈত্রীর কর্মসূচিতে যোগ দিতে বাড়ি থেকে রওনা দেন। এ সময় দাদশী ইউনিয়নের আগমারাই এলাকায় নছিমন থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁকে টেনেহিঁচড়ে নামানোর পর সবার সামনে মারধর করা হয়। সবার সামনে তাঁর কোমরে একটি পিস্তল গুঁজে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা যুব মৈত্রীর সভাপতি বিপ্লব কুমার রায়। অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ অস্বীকার করেছেন রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ আবুল বাসার মিয়া। তিনি বলেন, সাজানো গল্পে সত্যকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। তাঁরা দুজনই উড়াকান্দা বাজারের চাঞ্চল্যকর ফোর মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি। আলমগীর ও সেলিম পূর্ববাংলা সর্বহারা পার্টির সক্রিয় সদস্য।