যুবক ও তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নকলা উপজেলা সদরের একটি পুকুর থেকে জাহিদুল আলম ওরফে জুয়েল (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের লোয়ারচর গ্রামে ধানখেত থেকে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নকলা থানার পুলিশ ও স্থানীয়রা জানান, গত রোববার রাত ১১টার দিকে জাহিদুল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এর পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। গত বুধবার সন্ধ্যায় দক্ষিণ নকলার কবরস্থানসংলগ্ন একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। প্রথমে লাশের পরিচয় না পাওয়া গেলেও গতকাল সকালে পরিবারের লোকজন থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। জাহিদুলের হাত-পা ও পেটে দড়ি দিয়ে ইট বাঁধা ছিল।
থানার ওসি মোহাম্মদ গোলাম হায়দার বলেন, এ ঘটনায় নকলা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। জাহিদুল পৌর শহরের ইশিবপুর মহল্লার মাহবুবুল আলমের ছেলে ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর আত্মীয় বলে জানা গেছে।
কুমিল্লার বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই তৌহিদুল ইসলাম জানান, গতকাল ভোরে উপজেলার মোকাম ইউনিয়নের লোয়ারচর গ্রামে নাগিনী জলাশয়ের ধানের খেতে কাজ করতে গিয়ে কৃষকেরা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের জানান। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ওই কিশোরের পরনে জিনস প্যান্ট ছিল। বুধবার রাতে কেউ তাঁকে হত্যা করে লাশ গুম করার জন্য ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।