যুবক খুন, অভিযুক্তের বাড়িতে জনতার আগুন

বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি গ্রামে গত সোমবার রাতে এক তরুণকে খুন করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামের লোকজন গতকাল মঙ্গলবার সকালে অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ২৫টি ফাঁকা গুলি ছোড়ে।
নিহত ব্যক্তির নাম সুখদেব মিস্ত্রি (২৬)। তিনি হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামের সুপেন মিস্ত্রির ছেলে। নিহত ব্যক্তির স্বজন ও গ্রামের অনেকের অভিযোগ, গ্রামের একটি মেয়ের সঙ্গে সুখদেবের প্রেমের সম্পর্ক ছিল। তাঁদের সম্পর্ক মেনে না নিতে পেরে মেয়েটির পরিবারের সদস্যরা সুখদেবকে হত্যা করেন।
তবে মেয়েটির পরিবারের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
সরেজমিনে সাতজন গ্রামবাসী ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সুখদেব ঢাকার তিতুমীর কলেজের ছাত্র ছিলেন। এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে তিনি সোমবার সকালে গ্রামে আসেন। সেদিন ওই মেয়েটির সঙ্গে সুখদেব দেখা করেন।
সুখদেবের বাবা জানান, সোমবার রাত ১১টার দিকে মেয়েটি ফোন করে সুখদেবকে তাঁদের বাড়িতে ডেকে নেন। সুখদেব সে রাতে আর ফেরেননি। গ্রামের জাদব মণ্ডল (৩২) ও নিতাই রায় (৪৫) জানান, মঙ্গলবার (গতকাল) সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় কৃষক সমীর বল্লব মেয়েটির বাড়ির পশ্চিম পাশের বাগানে সুখদেবের লাশ দেখতে পান। পরে গ্রামবাসী পুলিশে খবর দেন। লাশ উদ্ধারের স্থান থেকে পুলিশ রশি ও সুখদেবের ব্যবহৃত মুঠোফোনটি ভাঙা অবস্থায় উদ্ধার করে। মেয়েটির প্রতিবেশী এক ব্যক্তি জানান, মেয়ের বাবা ও স্বজনেরা একাধিকবার সুখদেবকে হত্যার হুমকি দিয়েছিলেন।
সুখদেব হত্যার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে নিহত ব্যক্তির আত্মীয়স্বজন ও বিক্ষুব্ধ গ্রামবাসী মেয়ের বাড়িতে হামলা চালান। তাঁরা বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শী তিনজন নারী জানান, ঘরে আগুন জ্বলতে শুরু করলে মেয়েটি ও তাঁর পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসেন। তখন গ্রামের কয়েকজন তাঁদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। এ সময় হত্যায় জড়িত সন্দেহে মেয়েটি, তাঁর দুই বোন ও মা-বাবাকে আটক করে পুলিশ। তাঁদের থানায় নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী পুলিশকে বাধা দেন ও ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হারতা পুলিশ ফাঁড়ি ও উজিরপুর মডেল থানার পুলিশ লাঠিপেটা শুরু করে। পরে ২৫টি ফাঁকা গুলিও ছোড়া হয়। এ সময় কমপক্ষে ১০ জন গ্রামবাসী আহত হন।
উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার শীল জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন অংশে নির্যাতনের ও গলায় ফাঁসের দাগ রয়েছে। তাঁর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
এদিকে বাড়িতে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করছে গ্রামবাসীর বিরুদ্ধে।