
পাবনার ঈশ্বরদীতে বাড়িতে ঢুকে গির্জার যাজক লুক সরকারকে (৫০) গলা কেটে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে ওবায়দুল ইসলাম (২৮) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন সকালে উপজেলার গোকুলনগর এলাকায় লুক সরকারকে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা।
গ্রেপ্তার ওবায়দুলের বাড়ি উপজেলার শাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামে। পুলিশ দাবি করেছে, তিনি ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মী। তবে সংগঠনটি এ দাবি নাকচ করে বলেছে, ওবায়দুল শিবিরের কেউ নন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ গতকাল বলেন, হামলার ঘটনার রাতেই লুক সরকার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। হামলাকারীদের চেহারার বর্ণনাসহ তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে আওতাপাড়া থেকে গতকাল ভোরে ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
আহত লুক সরকার জানান, সোমবার রাতে পুলিশ ঈশ্বরদী থানায় তাঁকে ডেকে নিয়ে এক যুবককে শনাক্ত করার জন্য দেখান। তবে পুলিশকে তিনি জানিয়েছেন, ঘটনার সময় ওই যুবককে তিনি দেখেননি। পুলিশ অবশ্য তখন তাঁকে ওই যুবকের নাম বলেনি।
ওসি বিমান কুমার দাশ দাবি করেন, ওবায়দুল ছাত্রশিবিরের একজন কর্মী। আশুলিয়া ও ঈশ্বরদী থানায় নাশকতার একাধিক মামলার ফেরারি আসামি তিনি। আটকের পর লুক সরকারের মামলায় ওবায়দুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, অভিযানের নেতৃত্বে ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান। এ ব্যাপারে জানতে চাইলে সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, সন্দেহভাজন হিসেবে ওবায়দুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কয়টি নাশকতার মামলা রয়েছে, সে বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কিছু জানাতে পারেননি। এ ব্যাপারে ওসি বিমান কুমার দাশ বলেন, নাশকতার মামলার হিসাব এই মুহূর্তে তাঁর জানা নেই।
ছাত্রশিবিরের ভাষ্য: ওবায়দুলকে শিবিরের কর্মী হিসেবে পরিচয় দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন ছাত্রশিবির পাবনা জেলা (পশ্চিম) অঞ্চলের সভাপতি সাইদুল ইসলাম। গতকাল সন্ধ্যায় এক ই-মেইল বার্তায় তিনি প্রতিবাদ জানিয়ে দাবি করেন, লুক সরকারকে হত্যার চেষ্টায় ‘ছাত্রশিবির ক্যাডার ওবায়দুল গ্রেপ্তার’ শিরোনামে গণমাধ্যমে যে সংবাদ প্রচার করা হচ্ছে, তা সত্যি নয়। তাঁর সঙ্গে ছাত্রশিবিরের দূরতম সম্পর্কও নেই। হামলার ঘটনায় জব্দকৃত মোটরসাইকেলও শিবিরের কারও নয়।
শঙ্কায় লুক সরকারের পরিবার: চার্চে না গিয়ে লুক সরকার গতকাল সারা দিন বাসাতেই কাটান। এ সময় আত্মীয়স্বজন, প্রতিবেশীসহ অনেকে তাঁর প্রতি সহমর্মিতা জানাতে আসেন। লক্ষ্মীকুণ্ডার পাকুরিয়া ফেইথ বাইবেল চার্চে গতকাল তাঁর জন্য প্রার্থনা করা হয়।
আহত লুক সরকারের ছেলে ফ্রান্সেস মিঠুন সরকার জানান, দুই ভাই-বোন ও বাবা-মাকে নিয়ে তাঁদের পরিবার। তিনি ঢাকায় থাকেন। বাবার ওপর হামলার খবরে ঢাকা থেকে বাড়িতে এসেছেন। পরিবারের সবাই উৎকণ্ঠায় রয়েছেন।
এ প্রসঙ্গে পাবনার পুলিশ সুপার আলমগীর কবির বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ঘটনাটি দস্যুতা, ডাকাতি বা অন্য যেকোনো কারণেই হতে পারে। সব সম্প্রদায় ও মানুষের নিরাপত্তায় পুলিশ সচেষ্ট রয়েছে।’
খ্রিষ্টান সম্প্রদায়ের দাবি: লুক সরকারকে হত্যাচেষ্টার ঘটনায় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি এবং নিজেদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। গতকাল এক বিজ্ঞপ্তিতে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে ‘ফেইথ বাইবেল চার্চ’-এর যাজক লুক সরকারের বাড়িতে তিন যুবক মোটরসাইকেলযোগে গিয়ে ধর্মবাণী শুনতে চান। তিনি তাঁদের বসার ঘরে বাইবেল থেকে কিছু বাণী পাঠ করে শোনান। একপর্যায়ে দুই যুবক তাঁর হাত-পা চেপে ধরে গলায় ছুরি চালান। লুক সরকারের চিৎকারে পাশের ঘর থেকে তাঁর স্ত্রী ছুটে এলে যুবকেরা পালিয়ে যান। লুক সরকারের গলার কিছু অংশ কেটে যাওয়ায় তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কয়েকটি সেলাই দেওয়া হয়।
আরও পড়ুন: