যুবক হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

গাজীপুরে এক যুবক খুনের মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এই রায় দিয়েছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বরিশালের কোতোয়ালি থানার পলাশপুর এলাকার শাহজাহান ফকিরের ছেলে আলামিন (৩৪)। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুজন হলেন গাজীপুরের টঙ্গী থানার মরকুন টেকপাড়া এলাকার আজগর আলীর ছেলে রকি ওরফে রাকিব (২৬) ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার শাহাপুর এলাকার ফজু মিয়ার ছেলে কাকন ওরফে কালন (২৫)।
এদের মধ্যে আলামিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা এবং অন্য দুজনের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় রাকিব ও কাকন আদালতে উপস্থিত ছিলেন। তবে আলামিন পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, আমির হোসেন রিংকু নামের এক যুবক টঙ্গীর গোপালপুর পশ্চিমপাড়া এলাকায় ইসমাইল হোসেনের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। তিনি উত্তরার রিজেন্ট হাসপাতালে চাকরি করতেন। ২০১৫ সালের ১২ জুন রাত পৌনে ১০টার দিকে কর্মস্থল থেকে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর পূর্ব প্রান্তে আমতলী এলাকায় পৌঁছালে পূর্বশত্রুতার জেরে দণ্ডিতরাসহ অজ্ঞাতনামা ৭/৮জন দুষ্কৃতকারী রিংকুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পথচারীরা তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রিংকু মারা যান।
ঘটনার পরদিন রিংকুর বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে টঙ্গী থানায় মামলা করেন। তদন্ত শেষে টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন চলতি বছরের ১১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে মামলার এক নম্বর আসামি টঙ্গীর আমতলী এলাকার আব্বাস আলীর বাড়ির ভাড়াটিয়া ইলিয়াসের (২৪) পূর্ণ ঠিকানা না পাওয়ায় মামলা থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার জন্য তিনি আবেদন করেন। শুনানি শেষে আজ এ রায় দেওয়া হয়।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি হারিছ উদ্দিন আহম্মদ এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. মিজানুর রহমান রিপন ও আম্বিয়া আফরোজা রত্না।