যুবককে অপহরণের পর কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়ার আবুল বাশার (৩২) নামের এক যুবককে অপহরণের আট দিন পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার জেলার চাটমোহর উপজেলার কুকড়াগাড়ী নতুনপাড়া গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।
একই দিন জেলার ভাঙ্গুড়ায় পুকুর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও চাটমোহর থানার পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন চাটমোহর উপজেলার কুকড়াগাড়ী নতুনপাড়া কবরস্থানের পাশে মাঠে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পান। তাঁরা থানায় খবর দিলে সকাল নয়টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা থানায় গিয়ে লাশটি আবুল বাশারের বলে শনাক্ত করেন।
নিহত ব্যক্তির স্ত্রী লাভলী খাতুন জানান, ১২ নভেম্বর আবুল বাশার বাড়ির বাইরে গ্রামের অন্য একটি বাড়িতে রাত কাটান। ভোর ছয়টার দিকে পুলিশের বিশেষ শাখার (ডিবি) পরিচয়ে কয়েকজন লোক একটি সাদা মাইক্রোবাস নিয়ে এসে ওই বাড়ি থেকে তাঁকে অপহরণ করে। পরে তিনি বিষয়টি জানতে পেরে জেলা ডিবি কার্যালয়ে যোগাযোগ করেন। কিন্তু সেখান থেকে ডিবি পুলিশ তাঁর স্বামীকে আটক করেনি বলে জানায়। এর পর থেকে তাঁরা আর আবুল বাশারের খোঁজ পাননি।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, নিহতের হাত-পা বাঁধা, গলায় দড়ি প্যাঁচানো ও গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জের ধরে কেউ তাঁকে হত্যার পর ওই স্থানে ফেলে রেখেছে।
আটঘরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুল বলেন, নিহত আবুল বাশার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের বড়ইপাড়া গ্রামের বাসিন্দা এবং চরমপন্থী দল ‘বাহিনী’-এর আঞ্চলিক নেতা ছিলেন। তাঁর বিরুদ্ধে আটঘরিয়া থানায় একটি হত্যা ও ফরিদপুর থানায় পুলিশ মারধরের একটি মামলাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের বেশ কিছু অভিযোগ রয়েছে।
ভাঙ্গুড়া থানার পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে উপজেলার অষ্টমনিশা ইউনিয়নের লামকান গ্রামের একটি পুকুর থেকে স্থানীয় লোকজন মহরম আলীর স্ত্রী সালমা খাতুন (৩০) ও তাঁর ছেলে শাকিল হোসেনের (৫) লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
গ্রামবাসী ও মৃত ব্যক্তিদের পরিবার সূত্র জানায়, সালমা কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায় তিন মাস ধরে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার রাতে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে একটি ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে তাঁদের আর ঘরে পাওয়া যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাঁদের লাশ পাওয়া যায়।
পুলিশের ধারণা, মানসিক ভারসাম্যহীনতার কারণে রাতের কোনো এক সময় মা তাঁর সন্তানকে নিয়ে পুকুরে নামেন। পরে আর উঠতে পারেননি।