যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় মুণ্ডুমালা পৌর এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে আজ শনিবার সকালে তাঁকে হত্যা করা হয়ে বলে অভিযোগ উঠেছে।

নিহত যুবকের নাম মো. রুবেল (২৮)। তিনি মুণ্ডুমালা পৌরসভার গৌরাঙ্গপুর গ্রামের আবদুর রশিদের ছেলে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম জানান, রুবেল হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক দুজন হলেন: গৌরাঙ্গপুর গ্রামের মুন্তাজ আলী (৫৫) ও তাঁর ছেলে আবদুল্লাহ (৩০)।

ওসি আবদুস সালামের ভাষ্য, মুন্তাজ ও আবদুর রশিদের পরিবারের নারী সদস্যদের মধ্যে কয়েক দিন ধরে ঝগড়া চলছিল। শনিবার সকালে রুবেল প্রতিপক্ষের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আসামিরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন রুবেলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরেই রুবেলকে কুপিয়ে হত্যার খবর গ্রামে ছড়িয়ে পড়লে আবদুর রশিদের লোকজন মুন্তাজ আলীর বাড়ি ঘেরাও করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাড়ি থেকে মুন্তাজ আলী ও তাঁর ছেলে আবদুল্লাহকে আটক করে।