পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম পশারিবুনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত স্কুলশিক্ষক নাসির উদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে রোববার রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সোনামুই গ্রামে খালিদ মাতুব্বর (৩৫) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে।
নিহত নাসির উদ্দিন ভান্ডারিয়ার হেতালিয়া নেছারউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ছিলেন। পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, নাসির উদ্দিনের সঙ্গে চাচাতো ভাই আবদুস সালাম হাওলাদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। গত রোববার ভোর চারটার দিকে আবদুস সালামের নেতৃত্বে ১২–১৩ জন লোক নাসির উদ্দিনের বসতবাড়ির রান্নাঘর ভাঙচুর করেন। এ সময় নাসির উদ্দিন বাধা দিলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন নাসির উদ্দিনকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দিন সন্ধ্যায় তাঁর অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল সকাল আটটায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নাসিরের লাশের ময়নাতদন্ত গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে সম্পন্ন হয়েছে।
রোববার সকালে নাসির উদ্দিনকে কুপিয়ে আহত করার ঘটনায় তাঁর ছেলে মো. পলাশ বাদী হয়ে আবদুস সালাম হাওলাদারকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। রোববার রাতে পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি আবদুস সালাম, তাঁর ছেলে রমিজ হাওলাদার ও ভাগনে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফকরুল ইসলাম বলেন, নিহত নাসির উদ্দিনের শরীরে একাধিক ধারালো অস্ত্রের গুরুতর জখম ছিল।
ইকড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, নাসির উদ্দিন ও আবদুস সালামের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ রয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলাটি আদালতের মাধ্যমে হত্যা মামলায় রূপান্তর করা হবে। তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ফরিদপুরের ভাঙ্গার খালিদ মাতুব্বরের ওপর হামলার ঘটনাটি ঘটে গত রোববার রাত সাড়ে আটটার দিকে। প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আহত খালিদ রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
নিহত ব্যক্তির পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আটটার দিকে একই গ্রামের পান্নু মুন্সী মুঠোফোনে খালিদকে বাড়ি থেকে ডেকে আনেন। সাড়ে আটটার দিকে ওই এলাকার সৌরভের বাড়ির সামনে কথা–কাটাকাটির একপর্যায়ে সৌরভ ও পান্নু ধারালো অস্ত্র দিয়ে খালিদকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।
আশঙ্কাজনক অবস্থায় খালিদকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই এলাকার ইউপি সদস্য মোশারেফ মুন্সী বলেন, ওই ব্যক্তিরা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদকের টাকা ভাগাভাগি নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল।
ভাঙ্গা থানার ওসি সৈয়দ আবদুল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত খালিদের চাচাতো ভাই জাহাঙ্গীর মাতুব্বর বাদী হয়ে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।