যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে গত বুধবার রাতে মো. আরিফ (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি মুরগির ব্যবসা করতেন। পরিবার বলেছে, আরিফ ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ছিলেন।
আরিফ হত্যায় জড়িত থাকার অভিযোগে আটজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ ও নিহত আরিফের পারিবারিক সূত্র বলেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে একদল দুর্বৃত্ত মগবাজার চেয়ারম্যান গলিতে আরিফের পথরোধ করে। তারা আরিফকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাত একটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে অনিক হাসান, রবিউল হাসান, সান্টু, হাসিবুর রহমান, রাসেল, শাকিল আহমেদ, বিল্লাল হোসেন ও রাব্বী নামের আট যুবককে গ্রেপ্তার করে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, মগবাজারের আমবাগান ও চেয়ারম্যান গলির দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আরিফ আমবাগান গ্রুপের ও গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চেয়ারম্যান গলির বাসিন্দা।
ঘটনার তদন্তকারী রমনা থানার উপপরিদর্শক (এসআই) জামিনুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে অনিক ও রবিউল সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন। আজিজুল হাকিম নামের একজন পলাতক আছেন। বুধবার রাতে বাসা থেকে বেরিয়ে আরিফ হাতিরঝিলে আড্ডা দিতে যাচ্ছিলেন। প্রতিপক্ষ তাঁকে অনুসরণ করে সুযোগ বুঝে হামলা চালায়। এ ঘটনায় নিহত আরিফের বাবা বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেছেন।
আরিফ সপরিবারে মগবাজারের নয়াটোলার আমবাগানে থাকতেন। তিনি দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন। তাঁর বাবা মো. সেলিম মুদি দোকানি।
মো. সেলিম বলেন, মগবাজার চারুলতা বাজারে আরিফের মুরগির দোকান ছিল। আসন্ন রমজান মাসে সেহ্রির সময় লোকজনকে জাগাতে মহল্লায় দল গঠন নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছিল আরিফের। প্রতিবছর আরিফ ও তাঁর বন্ধুরা দল গঠন করে সেহ্রির সময় মহল্লাবাসীকে ডেকে ওঠাতেন। এ ছাড়া আরিফের সঙ্গে আর কারও কোনো শত্রুতার কথা তাঁদের জানা নেই।
আরিফের চাচা মামুনুর রশীদ বলেন, আরিফ ঢাকা দক্ষিণের ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ছিলেন। ছাত্রলীগের সভা-সমাবেশে যেতেন।
পারিবারিক সূত্র বলেছে, গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আরিফের লাশ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।