যুবককে কুপিয়ে হত্যা দিনমজুরের লাশ উদ্ধার
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গত রোববার এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তেউরিয়া গ্রাম থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুজন হলেন তারাকান্দা উপজেলার পাগুলি আতকাপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে মাহবুবুল হাসান (৩০) ও তাড়াইল উপজেলার তেউরিয়া গ্রামের মৃত আবদুল মল্লিকের ছেলে জসিম উদ্দিন (২৮)।
তারাকান্দা থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে মাহবুবুল তারাকান্দা উপজেলার হাটপাড়া গ্রামের একটি ধর্মীয় সভা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় আটটার দিকে পাগুলি আতকাপাড়া গ্রামে নিজের বাড়ির কাছাকাছি পৌঁছালে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তাঁকে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পুলিশ ও স্থানীয় লোকজন আরও জানান, মাহবুবুলের দাদার সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে মাহবুবুলের এক চাচার সঙ্গে তাঁর (মাহবুবুল) বাবার বেশ কয়েকটি মামলা রয়েছে। জমিসংক্রান্ত বিরোধের কারণেই হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তারাকান্দা থানার ওসি মাজহারুল হক বলেন, লাশ গত রোববার রাতেই ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তাড়াইল থানার পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, গত রোববার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে জসিম আর ফিরে আসেননি। সকাল নয়টার দিকে স্থানীয় লোকজন তেউরিয়া কবরস্থানের কাছে তাঁর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে লাশটি থানায় নিয়ে আসে। এ বিষয়ে তাড়াইল থানার ওসি খন্দোকার শওকত জাহান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। জসিমের মাথার পেছনের নিচের অংশে ও কোমরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।