যুবককে গাছে বেঁধে নির্যাতন গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পুকুরের মাছ ধরার অপরাধে গত মঙ্গলবার পুকুরের মালিকেরা এক যুবককে গাছে বেঁধে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে রক্ষার জন্য এগিয়ে আসায় তাঁর এক ভাইয়ের ওপরও হামলা চালানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নির্যাতনের শিকার হওয়া যুবকের নাম মো. রূপচাঁন (২৮)। তিনি উপজেলার বন্দভাটপাড়া গ্রামের বাসিন্দা। পুকুরমালিকের হামলায় আহত তাঁর বড় ভাই মো. রবিউল (৩৫) ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন উপজেলার বন্দভাটপাড়া গ্রামের হোসেন ফরাজীর ছেলে আবুল বাশার, মাহমুদ আলী ও মো. মোতালেব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতীর বন্দভাটপাড়া গ্রামের আবুল বাশারের একটি পুকুর বর্গা নিয়ে বেশ কিছুদিন ধরে মাছ চাষ করছেন রূপচাঁন। গতকাল সকালে আবুল বাশারের অনুমতি নিয়ে রূপচাঁন ওই পুকুরে মাছ ধরতে যান। এ সময় আবুল বাশার এবং তাঁর দুই ভাই মাহমুদ আলী ও মোতালেব চুরি করে মাছ ধরার অপবাদ দিয়ে রূপচাঁনকে গাছে বেঁধে নির্যাতন করেন। এ সময় রূপচাঁনকে রক্ষা করার জন্য তাঁর বড় ভাই রবিউল এগিয়ে এলে তাঁকেও দেশি অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাছের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় রূপচাঁন এবং তাঁর ভাই রবিউলকে উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে পাঠায়।
ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব বিশ্বাস গতকাল বুধবার বিকেলে বলেন, এ ঘটনায় গত মঙ্গলবার রাতে রূপচাঁন বাদী হয়ে গ্রেপ্তার তিন ভাইসহ ছয়জনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ প্রধান আসামি আবুল বাশারকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে।