যুবককে গুলি করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর লালবাগে মোহাম্মদ তাসরিফ (৩০) নামের এক যুবককে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাসরিফের দাবি, ছিনতাইকারীরা ২০ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে চিকিৎসাধীন তাসরিফের ভাষ্য, তিনি শাহ সিমেন্টের পরিবেশক প্রতিষ্ঠান আরাফাত ট্রেডিংয়ে কর্মরত। প্রতিষ্ঠানের কাজে তিনি টাকা লেনদেন করেন। লালবাগের ৫৪ নম্বর কাজী রিয়াজউদ্দিন রোডে বাসা থেকে ব্যাগভর্তি টাকা নিয়ে মাইক্রোবাসে উঠছিলেন তিনি। এ সময় তিনজন দুর্বৃত্ত সেখানে এসে তাঁর পায়ে গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

ব্যাগে কত টাকা ছিল, জানতে চাইলে তাসরিফ একবার ২০ লাখ টাকা, আরেকবার ২৫ লাখ টাকার কথা বলেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মাইনুদ্দিন মাসুদের ভাষ্য, ব্যাগে ২০ লাখের মতো টাকা ছিল। তিনি দাবি করেন, স্থানীয় দুর্বৃত্তরা এই টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।