যুবককে গুলি করে মেরে নদীতে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় এক যুবককে প্রকাশ্যে গুলি করার পর তাঁর নিথর দেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার কালিনগর গ্রামে কালিনগর-বিলদহর সড়কে এ ঘটনা ঘটেছে বলে পরিবারের দাবি। ঘটনার প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন তিন ব্যক্তি।
ঘটনার শিকার হওয়া ব্যক্তির নাম কামাল হোসেন (৩৫)। তাঁর বাড়ি কালিনগর গ্রামে। বাবা কফিল উদ্দিন।
কামালকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন সিংড়া উপজেলা যুবদলের সভাপতি তাইজুল ইসলাম।
পরিবার, পুলিশ ও তিনজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, আজ সকালে নিজের বাড়ি থেকে কালিনগর-বিলদহর সড়ক দিয়ে হেঁটে বিলদহর বাজারে যাচ্ছিলেন কামাল। সকাল নয়টার দিকে তিনি কুদ্দুস নামের এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত খুব কাছ থেকে তাঁকে গুলি করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তাঁর নিথর দেহ সড়কের পাশের গুড় নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা। এরপর তারা নৌকায় করে নদীপথে পালিয়ে যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের ভাষ্য, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। তারা নদীতে কামালের লাশের খোঁজ করছে। এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। সন্দেহভাজন ঘাতকদের ধরার চেষ্টা চলছে।
পুলিশ জানায়, স্থানীয় কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলার রহমান হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি ছিলেন কামাল। ১৯৯৫ সালে কামালের চাচা মোবারক হোসেনও দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।