যুবককে নির্যাতন, সেই ইউপি সদস্য গ্রেপ্তার
রংপুরের পীরগঞ্জ উপজেলায় তৃতীয় বিয়ে করায় এক যুবককে গাছে বেঁধে রাতভর নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোজাম্মেল হককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চণ্ডীপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
নির্যাতনের শিকার শাহীন হোসেন (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, শাহীন হোসেন ইউপি সদস্য মোজাম্মেল হকসহ ২০ জনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে গতকাল সকালে মামলা করেছেন। এরপর বিকেলে মোজাম্মেলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, নির্যাতনের ঘটনায় গতকাল প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন যুবক শাহীনের সঙ্গে পুলিশ যোগাযোগ করে। পরে তাঁকে মামলা করার পরামর্শ দেয়। মামলার পর ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়।