যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা
পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের মালঞ্চি চরপাড়া গ্রামে দানেজ শেখ (৩০) নামে এক যুবককে তাঁর প্রতিবেশীরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে।
আমিনপুর থানার পরিদর্শক (তদন্ত) মফিজুর রহমান বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে আবদুল গফুরসহ ১১ জনকে আসামি করে গতকাল শুক্রবার একটি হত্যা মামলা দায়ের করেছেন।
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গ্রামের একটি মেয়েকে কেন্দ্র করে দানেজ শেখের সঙ্গে প্রতিবেশী আবদুল গফুরের বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল গফুর লোকজন নিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও চাকু দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয় লোকজন ও স্বজনেরা রাতেই তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার দুপুরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।