গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল বুধবার সকালে দোকানে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর পরনে ছিল ছাই রঙের প্যান্ট। বয়স আনুমানিক ৩০ বছর। ঘটনার পর থেকে কয়েকজন দোকান মালিক পলাতক আছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় হাজি মো. আলী সুপার মার্কেট। ওই মার্কেটে মায়ের আঁচল বস্ত্রালয় নামের একটি দোকান রয়েছে।
দোকানটির মালিক মোশারফ হোসেনের ভাষ্যমতে, মঙ্গলবার দিবাগতরাতে তাঁর দোকানে চুরি হয়। গতকাল সকাল সাড়ে পাঁচটার দিকে তিনি দোকানের তালা খুলে ভেতরে ওই যুবককে দেখতে পান। পরে চোর সন্দেহে ব্যবসায়ীরা তাঁকে আটক করে গণপিটুনি দেন।
তবে মার্কেটের অপর কয়েকজন ব্যবসায়ী বলেন, গণপিটুনির কোনো ঘটনা ঘটেনি। ওই যুবক ছিলেন মার্কেটের সামনে। তিনি আদৌ চুরির সঙ্গে জড়িত কি না, তা-ও কেউ জানে না। একপর্যায়ে তাঁকে চোর সন্দেহে ধরে এনে বেদম মারধর করেন মোশারফ ও আরও কয়েকজন দোকানি। এতেই যুবকের মৃত্যু হয়। ঘটনার পর থেকে চুরি যাওয়া দোকানের মালিক মোশারফসহ আরও কয়েকজন দোকানি পলাতক।
ব্যবসায়ীরা বলেন, বেদম মারধরে ওই যুবক মাটিতে লুটিয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে বিষয়টি ধামাচাপা দিতে তাঁকে কৌশলে ঢাকা-টাঙ্গাইল সড়কের ওপর নিয়ে যান দোকানিরা। সেখানে তাঁরা ‘চোর চোর’ বলে চিৎকার করে সংজ্ঞাহীন যুবককে আরও মারধর করেন। পরে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং সেখানে তাঁর মৃত্যু হয়।
মার্কেটটির ব্যবস্থাপক সেলিম হোসেনের দাবি, একটি দোকানে চুরি হয়েছে। ওই চুরির অভিযোগে যুবককে গণপিটুনি দেন দোকানিরা।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তপন কান্তি সরকার জানান, যুবকের বুকে ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার ১৫-১৬ মিনিট পর মৃত্যু হয়।
মানিকগঞ্জে লাশ উদ্ধার: মানিকগঞ্জ প্রতিনিধি জানান, প্রায় ১০ বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার দেড়গ্রাম গ্রামের আবদুর রহিমের মেয়ে রিনা সুলতানার সঙ্গে খুলনার খালিশপুর উপজেলার মাহবুব হোসেনের বিয়ে হয়। তাঁদের আলিফ (৮) ও রাখি (৬) নামের দুটি সন্তান রয়েছে। দুই বছর আগে মানিকগঞ্জ শহরের মোহনবাঁশি সুপার মার্কেটের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন তাঁরা। তিন কক্ষের ফ্ল্যাটের একটি কক্ষে রিনা বিউটি পারলারের ব্যবসা শুরু করেন।
নিহত রিনার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে রিনা ও মাহবুবের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মাহবুব বাসার বাইরে গেলে রিনা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।