যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীর ওলমা বাজার এলাকায় গিয়াস উদ্দিন (৩২) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে আবু তৈয়ব সেলিম (২৮) ও ফজলুল করিম রানা (২৭) নামের দুজনকে আটক করেছে পুলিশ। 

গিয়াস উদ্দিন উপজেলার মধ্যম চর চান্দিয়া (ওলমা বাজার) গ্রামের আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, গতকাল রাত ১০টার দিকে গিয়াস উদ্দিন ওলমা বাজারের সফিউল্যার দোকানে বাকিতে সিগারেট কিনতে যান। কিন্তু আগের পাওনা টাকা শোধ না করার দাবিতে সফিউল্যা তাঁর কাছে বাকিতে সিগারেট দিতে রাজি হননি। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে গিয়াস বাড়ি ফিরে যান। রাত একটার দিকে সফিউল্যার ছেলে মো. ভোলন, মাঈন উদ্দিন ও নয়ন তাঁদের বন্ধুদের নিয়ে গিয়াসের বাড়িতে যান। তাঁরা ঘর থেকে ডেকে গিয়াসকে স্থানীয় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের পাশে সরকারি দীঘির পাড়ে নিয়ে যান। সেখানে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে তাঁকে মারাত্মকভাবে আহত করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন গিয়ে মুমূর্ষু অবস্থায় গিয়াসকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সোনাগাজী থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আবু তৈয়ব সেলিম ও ফজলুল করিম নামের দুজনকে আটক করে তারা। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রসিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষÿ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। সফিউল্যা ও তাঁর ছেলেরা পলাতক।