যুবককে পুলিশের নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার পুলিশ এক যুবককে শারীরিকভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বজলুর রহমান মোল্লা (৩২) নামের ওই যুবককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ীতে একটি মাটিবোঝাই ট্রলির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়। পরে পাটিকাবাড়ী ফাঁড়ির পুলিশ ট্রলির মালিক বাদশা ও মাটিভর্তি ট্রলিটি আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে নিহত শিশুটির পরিবারের সঙ্গে ট্রলির মালিকের সমঝোতা হয়।
বাদশার চাচাতো ভাই বজলুর রহমান মোল্লা জানান, ওই দিন বিকেল চারটার দিকে তিনি পুলিশ ফাঁড়িতে ট্রলিটি আনতে যান। এ সময় ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ কনস্টেবল আনারুল ইসলাম মাটি নামিয়ে বজলুরকে ট্রলি নিয়ে যেতে বলেন। এ সময় তিনি জানান, মাটি নামাতে কোদাল ও বেলচা দরকার। এর কোনোটাই গাড়িতে নেই। এতে আনারুল ক্ষিপ্ত হয়ে তাঁকে বেধড়ক পেটাতে থাকেন। মাটিতে ফেলে সারা শরীরে পড়ানো হয়। একপর্যায়ে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করা হয়। পরে বজলুরের চাচা আবদুল মালেক তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শরীরে মারধরের আঘাত নিয়ে বজলুর রহমান বৃহস্পতিবার হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। গতকাল শুক্রবার দুপুরে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
পুলিশ সুপার প্রলয় চিসিম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। ওই কনস্টেবলকে পুলিশলাইনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’