যুবককে বাড়ি থেকে নিয়ে পায়ে গুলি করার অভিযোগ
যশোরে বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবকের পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করার অভিযোগ উঠেছে শার্শা থানার পুলিশের বিরুদ্ধে। ওই বাড়ি থেকে আরও দুজনকে ধরে নিয়ে যায় পুলিশ।
গুলিবিদ্ধ যুবক কামরুল ইসলাম (৩৫) পুলিশি হেফাজতে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার রাতে উপজেলার বাগুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলেছে, ওই তিনজন সন্ত্রাসী। অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ একজন পায়ে গুলিবিদ্ধ হন।
আটক অপর দুজন হলেন বাগুড়িয়া গ্রামের চঞ্চল (৩০) ও মোস্তফা (২৮)।
গুলিবিদ্ধ কামরুল ইসলাম যশোর শহরের খোলাডাঙ্গা এলাকার আবদুল আজিজের ছেলে। শার্শার বাগুড়িয়া গ্রামে একটি ভাড়া বাসায় থেকে গরুর ব্যবসা করেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন কামরুল গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমরা তিনজন বাসায় ছিলাম। রাত সাড়ে নয়টার দিকে পুলিশ গিয়ে আমাদের ধরে নিয়ে আসে। এ সময় আমাকে একটি জিপে আর অন্য দুজনকে অপর একটি গাড়িতে তোলা হয়। যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার মালঞ্চি এলাকায় নিয়ে আমার মুখে রুমাল গুঁজে দিয়ে পুলিশ ডান পায়ের হাঁটুর ওপরে বন্দুক ঠেকিয়ে গুলি করে।’
অভিযোগের ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘বাগুড়িয়া গ্রামের এক ব্যক্তির বাড়িতে কয়েকজন জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। খবরটি জেনে পুলিশ সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় একটি গুলি কামরুলের পায়ে বিদ্ধ হয়। কামরুলসহ তিনজনকে আটক করা হয়েছে।’