যুবককে রক্ষা করায় ব্যবসায়ীর ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার সূত্রাপুরের কাঠেরপুল লেনে সন্ত্রাসীদের কবল থেকে এক যুবককে রক্ষা করায় মো. বাবু (৫০) নামের এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

বাবু অভিযোগ করেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে কাঠেরপুল লেনে তাঁর বাসার কাছে গেন্ডারিয়ার ইয়াবা ব্যবসায়ী বালু, তুহিনসহ পাঁচ-ছয়জন সন্ত্রাসী এক যুবককে পেটাচ্ছিল। তাদের হাতে রামদা ও লাঠিসোঁটা ছিল। এ সময় বাধা দিলে সন্ত্রাসীরা বাবুকে গালাগাল দেয়। একপর্যায়ে বাবু সূত্রাপুর থানায় ফোন করে ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে কালু ও তুহিনকে আটক করে থানায় নিয়ে যায়। সূত্রাপুর থানা-ছাত্রলীগের এক নেতা থানায় গিয়ে কালু ও তুহিনকে ছাড়িয়ে নিয়ে যান।

থানা থেকে ছাড়া পাওয়ার পর ইয়াবা ব্যবসায়ী কালু ও তুহিন দলবল নিয়ে কাঠেরপুল লেনে বাবুর বাসার গেট ভেঙে ভেতরে ঢোকেন। এরপর বাবুর গলা টিপে হত্যার চেষ্টা করেন তাঁরা। একপর্যায়ে বাবুর কাছ থেকে ১৮ হাজার টাকা নিয়ে তাঁরা পালিয়ে যান।

বাবু অভিযোগ করেন, ধারালো অস্ত্রসহ পুলিশ ইয়াবা বাবু ও তুহিনকে আটক করে থানায় নিয়ে গেলেও ছাত্রলীগের স্থানীয় এক নেতার কথায় তাদের ছেড়ে দেওয়া হয়।
থানার পরিদর্শক (তদন্ত) আক্তার হোসেন বাবুকে সাড়ে চার ঘণ্টা বসিয়ে রেখেও মামলা নেননি। উল্টো বাবুর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

রাতে একাধিকার যোগাযোগ করা হলে সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আক্তার হোসেন ফোন ধরেননি। রাত সাড়ে নয়টায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফউদ্দিন প্রথম আলোকে বলেন, ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পূজামণ্ডপ ও আশুরার ডিউটিতে তিনি (ওসি) বাইরে আছেন, থানায় ফিরে খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।