যুবককে লাঠিপেটা করলেন ইউপি চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে এক যুবককে লাঠিপেটা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ঈশ্বরগঞ্জ থানায় ওই যুবক লিখিত অভিযোগ দিয়েছেন।
নির্যাতনের শিকার যুবকের নাম মো. সাইফুল ইসলাম (৩২)। বাড়ি উপজেলার মালিয়াটি গ্রামে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল পানের বরজে কাজ করেন। গত বৃহস্পতিবার স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করেন। পরে তাঁর শ্বশুর এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শামছুল হকের কাছে নালিশ করেন। চেয়ারম্যান ডেকে এনে মালিয়াটি মোড়ে সাইফুলকে লাঠিপেটা করেন।
গত সোমবার দেখা যায়, সাইফুলের বাম হাতে প্লাস্টার ও পায়ে ব্যান্ডেজ। তিনি বলেন, চেয়ারম্যান তাঁকে ডেকে নিয়ে এলোপাতাড়ি পেটান। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শামছুল হক বলেন, তিনি সাইফুলকে সামান্য শাসন করেছেন। তাঁর পিটুনিতে নয়, সাইফুল তাঁর স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে কোদাল দিয়ে আঘাত করার সময় আহত হয়েছেন।