যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে আবদুর রহমান (২৬) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশ ময়না-তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, আবদুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। আবদুর রহমান কুতুবপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
আবদুর রহমানের স্ত্রী তাছলিমা আক্তার বলেন, গত সোমবার রাত নয়টার দিকে কে বা কারা তাঁর স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। অনেকক্ষণ ফিরে না এলে তিনি শাশুড়িকে বিষয়টি জানান। পরে শাশুড়ি খুঁজতে গিয়ে বাড়ির সামনের একটি গাছের সঙ্গে আবদুর রহমানকে ঝুলতে দেখে চিৎকার দেন। এরপর আশপাশের লোকজন এসে তাঁর লাশ নামান।
আবদুর রহমানের মা জাহানারা বেগমের অভিযোগ, তাঁর জ্যাঠাতো ভাই হারুনের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। গত সোমবার সকালে বাঁশ কাটা নিয়েও তাঁদের সঙ্গে আবদুর রহমানের বাগ্বিতণ্ডা হয়। তাই পূর্ববিরোধ ও বাগ্বিতণ্ডার জের ধরেই ছেলে খুন হতে পারেন বলে তাঁর ধারণা।