যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আদগ্রামে গতকাল রোববার আবুল হাশেম (২৫) নামের এক ব্যক্তিকে হত্যা করে তাঁর মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তারা আবুল হাশেমের সঙ্গে থাকা দুই বন্ধুকেও পেটায়।

আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য হাশেমের লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি চণ্ডীপুর গ্রামে।

বড়াইগ্রাম থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রাতে আবুল হাশেম তাঁর বন্ধু ইদ্রিস আলীকে (২৬) ঢাকার বাসে তুলে দিতে মোটরসাইকেলে করে উপজেলার রাজ্জাক মোড়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলে তাঁদের আরেক বন্ধু জুয়েল রানাও (২৫) ছিলেন।

রাত নয়টার দিকে আদগ্রামের কাছে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাঁদের থামিয়ে এলোপাতাড়ি পেটাতে শুরু করে। একপর্যায়ে জুয়েল ও ইদ্রিসের হাত-পা বেঁধে হাশেমকে শ্বাসরোধে হত্যা করে তারা। পরে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। রাত ১১টার দিকে আহত দুজনের চিত্কার শুনে এলাকাবাসী গিয়ে তাঁদের উদ্ধার করে। দুজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, ‘আমার উপকার করতে গিয়ে আমার প্রিয় বন্ধু হাশেমের মৃত্যু হলো। এটা আমি মেনে নিতে পারছি না। হাশেম চিত্কার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা ওকে শ্বাসরোধ করে হত্যা করে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত না আকস্মিক, এ ব্যাপারে তদন্ত চলছে। দায়ী ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে।