যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী তালতলা মোড়ে মিন্টু মোল্লা (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
মিন্টু মাগুরার শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের কালাম মোল্লার ছেলে। গতকাল রাতে মাগুরা শহরের জেটিসি সড়কের স্বর্ণপট্টি এলাকার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে বারইপাড়া গ্রামের নিজের বাড়িতে ফেরার সময় তিনি এ ঘটনার শিকার হন।
মিন্টুর স্ত্রী জেরিন সুলতানার ভাষ্য, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রামের বাড়ি বারইপাড়া যাওয়ার কথা বলে মোটরসাইকেল নিয়ে বের হন মিন্টু। রাত আটটার দিকে তালতলা মোড় এলাকা থেকে মিন্টুকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে তাঁরা মিন্টুকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান বলে খবর পান।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মো. রইসুজ্জামানের ভাষ্য, রাত সাড়ে আটটার দিকে মিন্টু মারা যান। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। রক্তক্ষরণ ও আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, ময়নাতদন্তের জন্য মিন্টুর লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে। আলামত দেখে মনে হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি।