যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জহুরুল ইসলাম (৩৫) নামের এক যুবককে হত্যা করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করা হয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার কাটাগাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জহুরুল ইসলাম উপজেলার রাধাকান্তপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। গতকাল রোববার দুপুরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। শনিবার রাত ১১টার দিকে তিনি তাড়াশ বাজার থেকে মোটরসাইকেল নিয়ে উপজেলার রাধাকান্তপুর গ্রামে ফিরছিলেন। কাটাগাড়ি বাজার এলাকায় ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাঁকে মারধর ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করে লাশ পাশের খেতে ফেলে দেয়। এরপর মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়। গতকাল সকালে এলাকাবাসী লাশ দেখে থানায় খবর দেন। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।