যুবককে হত্যার পর মুখ পুড়িয়েও রক্ষা পেলেন না দম্পতি
রাজধানীর দক্ষিণখানে মোল্লারটেকের একটি বাসায় এক যুবককে হত্যা করে রাসায়নিক পদার্থ দিয়ে তাঁর মুখ পুড়িয়ে পালিয়েছিলেন এক দম্পতি। ওই যুবককে যাতে শনাক্ত করা না যায়, সে জন্য মুখ পুড়িয়ে দেওয়া হয়। গত ১৯ সেপ্টেম্বর ওই হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ বলেছে, লাশ উদ্ধার করতে গিয়ে পুলিশ জানতে পারে, ওই বাসায় সাগর ও জয়নব বেগম নামে এক দম্পতি থাকতেন। লাশের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় এবং পচন ধরায় শনাক্ত করা যায়নি। গৃহবধূ জয়নব ছিলেন নিখোঁজ। পরে লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। ওই সময় পুলিশের সন্দেহ হয়, জয়নব হয়তো তাঁর স্বামী সাগরকে শ্বাসরোধ করে হত্যার পর মুখমণ্ডল পুড়িয়ে দিয়ে পালিয়েছেন। কিন্তু গত মঙ্গলবার রাতে দক্ষিণখান থানার পুলিশ নওগাঁ বাসস্ট্যান্ড থেকে জয়নবকে আটক করার পর জানতে পারে, সাগর জীবিত আছেন। জয়নবের তথ্যের ভিত্তিতে সাগরকেও আটক করে পুলিশ।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম উর রশীদ গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, সাগর-জয়নব দম্পতিকে আটক করে গতকাল সকালে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে ওই দম্পতি পুলিশকে বলেন, ১৯ সেপ্টেম্বর তাঁরা রাব্বি (২৬) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যা করেন। পরে রাব্বির মুখে রাসায়নিক পদার্থ ঢেলে বিকৃত করেছেন, যাতে কেউ তাঁকে শনাক্ত করতে না পারে। ওই তথ্যের পর পুলিশ রাব্বির মা-বাবাকে খুঁজে বের করে। পরে তাঁরা থানায় এসে সংগৃহীত আলামত দেখে শনাক্ত করেন।
লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় গতকাল সাগর ও জয়নবকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।
ওসি বলেন, জিজ্ঞাসাবাদে সাগর বলেছেন, রাব্বি তাঁর ঘনিষ্ঠ ছিল। জয়নব ছাড়াও তাঁর আরেকজন স্ত্রী আছেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ ছিল। রাব্বি তা মিটিয়ে দেবে বলে জয়নবের কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। ওই টাকার জন্য রাব্বি জয়নবকে বিরক্ত করা শুরু করেন। বিষয়টি জয়নব তাঁকে জানান। এরপর তাঁরা স্বামী-স্ত্রী মিলে রাব্বিকে হত্যার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রাব্বি তাঁদের বাসায় এলে তাঁকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে তরল পদার্থ ঢেলে মুখ পুড়িয়ে দেওয়া হয়। এরপর তাঁরা গা ঢাকা দেন।
ওসি বলেন, হত্যার তিন দিন পর পুলিশ রাব্বির গলিত লাশ উদ্ধার করে। পুলিশ জয়নবের ঠিকানা সংগ্রহ করে রাজশাহীর পুঠিয়ায় তাঁর বাসা শনাক্ত করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী-স্ত্রী পালানোর সময় নওগাঁয় পুলিশের হাতে ধরা পড়েন। হত্যায় অন্য কারণও থাকতে পারে। জিজ্ঞাসাবাদ করে তা বের করা হবে।