চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে চয়ন আচার্য্য (২৫) নামের এক যুবকের আঙুল কেটে দিয়েছে স্থানীয় লোকজন। গত শনিবার রাতে নগরের হেমসেন লেন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, শনিবার রাত ১২টার দিকে চয়ন আচার্য্য অস্ত্রশস্ত্র নিয়ে হেমসেন লেন এলাকায় গিয়ে লোকজনকে ভয়ভীতি দেখান। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লোকজন তাঁকে ধাওয়া করলে চয়ন গুলি ছোড়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন চয়নকে ধরে পিটুনি দেয় এবং তাঁর আঙুল কেটে দেয়।
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, চয়নের ১০টি আঙুলের মাঝামাঝি কেটে নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি গুলি এবং দুটি গুলির খোসা উদ্ধার করে। অচেতন অবস্থায় চয়নকে উদ্ধার করা হয়। আটক চয়ন পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ওসি বলেন, চয়ন পুলিশের কাছে সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি (চয়ন) দোকানে চাঁদাবাজি করতে গিয়েছিলেন, নাকি প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা করেছে, তদন্তের পর সেটা জানা যাবে।
চয়ন নগরের চেরাগী পাহাড় এলাকায় থাকেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীতে।