যুবকের কবজি বিচ্ছিন্ন করল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসার প্রতিবাদ করায় রমজান আলী (২৮) নামের এক যুবকের ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। পিটিয়ে আহত করেছে আরও একজনকে। গত শুক্রবার সন্ধ্যায় রংপুর নগরের চওড়াহাট এলাকায় এ ঘটনা ঘটে।
রমজানের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নগরের ৪ নম্বর ওয়ার্ডের জলছত্র এলাকায় মাদক ব্যবসা বন্ধের জন্য একই এলাকার মনজুম আলীর ছেলে রমজান উদ্যোগ নেন। ওয়ার্ড কাউন্সিলর হারাধন চন্দ্র রায়ের নেতৃত্বে গঠন করা হয় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধ কমিটি। এই কমিটির অন্যতম সদস্য হলেন রমজান ও তাঁর বন্ধু রবিউল ইসলাম (৩০)। তাঁরা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভা-সমাবেশ করে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় রমজান ও তাঁর বন্ধু রবিউল মোটরসাইকেলে করে জলছত্র যাচ্ছিলেন। পথে চওড়াহাট এলাকায় একদল দুর্বৃত্ত পথ রোধ করে তাঁদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রমজানের ডান হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে। বেদম মারধর করে রবিউলকে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। রমজান ও রবিউলকে হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন রমজান। এই বিভাগের বিভাগীয় প্রধান আবু তালেব জানান, রমজানের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাই সেরে উঠতে সময় লাগবে।
ওয়ার্ড কাউন্সিলর হারাধন চন্দ্র রায় বলেন, ‘এলাকায় আইনশৃঙ্খলা ও মাদকবিরোধী কমিটি করা হয়েছে। এই কমিটির সদস্যদের ওপরই নারকীয় হামলা চালানো হলো। আমি এ ঘটনায় দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, এ ঘটনায় রাতেই রমজানের বাবা ১১ জনকে আসামি করে থানায় মামলা করেন। রাতভর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জলছত্র এলাকার শেখটারি মধ্যপাড়ার রানা মিয়া (৩০) ও একরামুল (৩৮)। তাঁরা সহোদর। মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে এসআই জানান।