যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে শওকতুল ইসলাম (২৩) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

শওকতুলের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ছউন্নাপাড়া গ্রামে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন মাইজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। লাশ উদ্ধারের পর বিকেল চারটার দিকে শওকতুলের বাবা আইয়ুব আলী ও মা কামরুন নাহার ফৌজদারহাট পুলিশ ফাঁড়িতে গিয়ে লাশ শনাক্ত করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

শওকতুলের মা কামরুন নাহারের দাবি, তাঁর ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালানোর পাশাপাশি পতেঙ্গা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। বিভিন্ন সময়ে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত তিন ব্যবসায়ী তাঁকে মেরে ফেলার হুমকি দিয়েছে। বাবা আইয়ুব আলী প্রথম আলোর কাছে দাবি করেন, শওকতুলের দুর সম্পর্কের ফুফাত ভাই নুরুন্নবী ১৫ দিন আগে তাঁর স্ত্রীর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেয়। এই টাকা ফেরত দেওয়ার জন্য নুরুন্নবীকে ফোন দিত শওকত। গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে মুঠোফোনে ডেকে নিয়ে যায় নুরুন্নবী। কিন্তু শওকত আর ফেরেনি।

এ বিষয়ে জানতে নুরুন্নবীর মুঠোফোনে ফোন করা হলে সেটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) আশ্রাফুল আলম বলেন, আজ বুধবার রেল লাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। তিনি জানান, শওকতের ঘাড়ে ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি, দুটি মোবাইল ফোন ও এক হাজার ২০০ টাকা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

নিহত শওকত পুলিশের সোর্স কিনা জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, নিহতের মা ও বাবার সঙ্গে কিংবা পতেঙ্গা পুলিশের সঙ্গে তাঁর কথা হয়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।